১৯০ ‘মুজিবনগর সাব-রেজিস্ট্রার’ আদালতেও জাল প্রমাণপত্র দেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুজিবনগর সরকারের কর্মচারী হিসেবে জাল কাগজপত্র দিয়ে নিয়োগ পাওয়া বিতর্কিত সেই ১৯০ জন সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আইন মন্ত্রণালয়। নিজেদের সমর্থনে আদালতে দেওয়া তাঁদের কাগজপত্র যে জাল, তা বেরিয়ে আসে সংস্থাপন মন্ত্রণালয়ের অনুসন্ধানে।সংস্থাপন মন্ত্রণালয় থেকে সম্প্রতি এ তথ্য আইন মন্ত্রণালয়কে জানানো হয়েছে। আজ বৃহস্পতিবার আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা করা হবে, যা বৈঠকের আলোচ্যসূচিতে উল্লেখ রয়েছে।এ ব্যাপারে জানতে চাইলে আইনমন্ত্রী শফিক আহমেদ গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, মুজিবনগর সরকারের কর্মচারী হিসেবে ভুয়া পরিচয় দিয়ে যাঁরা সাব-রেজিস্ট্রার পদে নিয়োগ পেয়েছেন, তাঁদের বিরুদ্ধে সংসদীয় কমিটির সুপারিশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, এসব সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে কমিটি তা মন্ত্রণালয়ে পাঠাবে।আইন মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এই ১৯০ জন নিজেদের মুজিবনগর সরকারের কর্মচারী দাবি করে ২০০৫ সালে হাইকোর্টে রিট আবেদন করেন। আদালতে তাঁরা নিজেদের সমর্থনে ১৯৮৫ সালে সংস্থাপন মন্ত্রণালয়ের তৈরি করা মনোনয়নপত্র জমা দেন। ২০০৯ সালে আদালতের নির্দেশে তাঁরা আত্মীয়করণের মাধ্যমে সাব-রেজিস্ট্রার পদে নিয়োগ পান। এ নিয়ে তখনই ব্যাপক বিতর্ক ওঠে। ‘মুজিবনগরী সাব-রেজিস্ট্রার’ হিসেবে পরিচিত তাঁরা সবাই এর আগে ভূমি নিবন্ধন (রেজিস্ট্রেশন) বিভাগে নিম্নপদে কর্মরত ছিলেন।সংসদীয় কমিটির আজকের বৈঠকে উপস্থাপনের জন্য আইন মন্ত্রণালয়ের তৈরি করা প্রতিবেদনে বলা হয়েছে, যাচাইয়ে দেখা গেছে, সংস্থাপন মন্ত্রণালয় ওই সময়ে সে রকম কোনো তালিকা তৈরি করেনি। গত বছরের ২৯ ডিসেম্বর সংস্থাপন মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয়কে জানানো হয়েছে, আদালতে রিট আবেদনকারীরা নিজেদের সমর্থনে সংস্থাপন মন্ত্রণালয়ের স্বাক্ষরযুক্ত যে তালিকা হাইকোর্টে জমা দিয়েছেন, সেটিও ভুয়া। কারণ ওই জাতীয় কোনো তালিকা এ মন্ত্রণালয় থেকে সরবরাহ করা হয়নি।পরে এই ১৯০ জনকে সাব-রেজিস্ট্রার পদে নিয়োগের বিষয়ে আপত্তি তুলে আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। এর পরিপ্রেক্ষিতে গত বছর ১৯ জুন আইন মন্ত্রণালয় থেকে যুগ্ম সচিব মজনুল আহসানকে সভাপতি করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি গত বছরের ৮ সেপ্টেম্বর প্রতিবেদন দেয়। এরই মধ্যে নিয়োগপ্রাপ্তদের একজনের মৃত্যু হয়। তদন্ত কমিটি প্রতিবেদন দেওয়ার আগে বাকি ১৮৯ জনের সাক্ষাৎকার নেওয়া শুরু হয়। ৬০ জনের বক্তব্য নেওয়ার পর ১০ জন সাব-রেজিস্ট্রার এ সাক্ষাৎকারের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন। হাইকোর্ট গত বছরের ৬ জুলাই সাক্ষাৎকারের ওপর স্থগিতাদেশ দেন। এ আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ হাইকোর্টের স্থগিতাদেশ ছয় সপ্তাহের জন্য স্থগিত করেন। এরপর কমিটি বাকিদের সাক্ষাৎকার নেয়।তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, সাক্ষাৎকারে সাব- রেজিস্ট্রারদের প্রশ্ন করা হয়েছিল, মুক্তিযুদ্ধে তাঁরা কে, কোন তারিখে, কোথায়, কোন সেক্টরে, কার অধীনে দায়িত্ব পালন করেছেন এবং তাঁদের নিয়োগ কর্তৃপক্ষ কে ছিলেন? কিন্তু ১০ জন ছাড়া বাকিদের কেউই কোনো তারিখ উল্লেখ করতে পারেননি।তদন্ত প্রতিবেদনে আরও বলা হয়, এসএসসি পরীক্ষার সনদপত্র অনুযায়ী ১৯৭১ সালের ২৬ মার্চ ১৯০ জনের মধ্যে চারজনের বয়স ছিল মাত্র তিন বছর। ১৩ জনের বয়স ছিল তিন থেকে পাঁচ বছর। ৩৯ জনের বয়স ছিল পাঁচ থেকে সাত বছর। ২১ জনের বয়স ছিল সাত থেকে আট বছর। ১৮ জনের বয়স ছিল আট থেকে নয় বছর। ১২ জনের বয়স ছিল নয় থেকে ১০ বছর। ২০ জনের বয়স ছিল ১০ থেকে ১১ বছর। ১১ জনের বয়স ছিল ১১ থেকে ১২ বছর। ১২ জনের বয়স ছিল ১২ থেকে ১৩ বছর। ১৩ জনের বয়স ছিল ১৩ থেকে ১৪ বছর। ১১ জনের বয়স ছিল ১৪ থেকে ১৫ বছর। আটজনের বয়স ছিল ১৫ থেকে ১৬ বছর। পাঁচজনের বয়স ছিল ১৬ থেকে ১৭ বছর। শুধু তিনজনের বয়স ছিল ১৭ থেকে ১৯ বছরের মধ্যে।প্রতিবেদনে বলা হয়, তাঁদের মধ্যে ১১৯ জন মুজিবনগর সরকারের যে নিয়োগপত্র কমিটির কাছে উপস্থাপন করেছেন, তা সাম্প্রতিক সময়ে তৈরি করা। তাতে আগুনে পুড়িয়ে বা কৃত্রিম উপায়ে নতুন কাগজকে পুরোনো করার চেষ্টা করা হয়েছে। ৭৯ জন উচ্চপদে চাকরি পেতে উচ্চশিক্ষার জাল সনদপত্র জমা দিয়েছেন।