১৯৪টি রাস্তা সংস্কারের কাজ চলছে
রংপুর নগরের পাড়া-মহল্লার কয়েকটি রাস্তা সংস্কার করা হচ্ছে। সিটি করপোরেশনের পক্ষ থেকে ৫৪ কোটি টাকা ব্যয়ে ১৯৪টি রাস্তার সংস্কার, মেরামত ও উন্নয়ন করা হচ্ছে।
স্থানীয় লোকজন জানান, ১৯৪টি রাস্তার মধ্যে শহরের সিওবাজার থেকে বানিয়াপাড়া পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কটি দীর্ঘ ১০ বছরেও সংস্কার করা হয়নি। ওই রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে এলাকাবাসীকে দুর্ভোগ পোহাতে হয়েছে। এ ছাড়া শহরের সেন্ট্রাল রোড, কামারপাড়া, গণেশপুর সড়কটির অধিকাংশ স্থানে খানাখন্দের সৃষ্টি হয়েছে। অন্যান্য পাড়া-মহল্লার রাস্তাগুলো কিছুটা ভালো রয়েছে। যেগুলো একেবারে চলাচলের অনুপযোগী, সেগুলোতে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে।
সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এমদাদ হোসেন বলেন, নগরের ৬০টি কাঁচা রাস্তা পাকা করা হচ্ছে। ১৯৪টি রাস্তা সংস্কার, মেরামত ও উন্নয়ন করা হচ্ছে। এসব রাস্তার মোট দৈর্ঘ্য প্রায় ৮০ কিলোমিটার।
৫৪ কোটি টাকার সড়ক উন্নয়নের মধ্যে সিটি করপোরেশনের নিজস্ব ও সরকারি অর্থায়নে ৩৪ কোটি টাকা এবং বিশ্বব্যাংকের ২০ কোটি রয়েছে। এ রাস্তাগুলোর নির্মাণকাজ শেষ হলে পাড়া-মহল্লার সড়কগুলোর বেহালদশা অনেকটাই দূর হবে।