১৯৫ দিন ধরে ইফতেখারের ফিরে আসার প্রতীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা ‘নিখোঁজ’ ইফতেখার আহমদ ওরফে দিনারের খোঁজে পরিবারের সদস্যরা তিন ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করেছেন। ছয় মাস পরও তাঁর কোনো খোঁজ না পাওয়ায় ইফতেখারের মা-বাবাসহ পরিবারের সদস্যরা গতকাল বৃহস্পতিবার সকালে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের মুক্তমঞ্চে ওই কর্মসূচি পালন করেন। ‘১৯৫ দিন ধরে আমরা দিনার ফিরে আসার প্রতীক্ষায়’ বলে নানা আকুতি প্রকাশ করেন তাঁরা। দলীয় ও পরিবার সূত্র জানায়, বিএনপির নেতা এম ইলিয়াস আলী ‘নিখোঁজ’ হওয়ার প্রায় দুই সপ্তাহ আগে ৩ এপ্রিল ঢাকার উত্তরা থেকে সঙ্গীসহ নিখোঁজ হন জাতীয়তাবাদী ছাত্রদলের সিলেট জেলা শাখার সহসাধারণ সম্পাদক ইফতেখার আহমদ। সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ইফতেখারকে সঙ্গীসহ ধরে নিয়ে গেছে বলে ৫ এপ্রিল বিএনপির নেতা এম ইলিয়াস আলী বিবৃতি দেন। পরদিন তিনি সিলেটে সংবাদ সম্মেলন করে ইফতেখারের মুক্তি দাবি করেন। এর এক সপ্তাহ পর ঢাকায় ফিরে ১৭ এপ্রিল মধ্যরাতে গাড়িচালকসহ ইলিয়াস আলী ‘নিখোঁজ’ হন।সিলেটের রাজনীতিতে ইফতেখার ছিলেন ইলিয়াস আলীর অনুসারী। দুই ‘নিখোঁজ’ ঘটনার কোনো যোগসূত্র আছে কি না—এ রকম সন্দেহের সৃষ্টি হয়। ছয় মাসেও কোনো খোঁজ মেলেনি ইফতেখার ও তাঁর সঙ্গী জুনেদ আহমদের। নিখোঁজ হওয়ার ঘটনায় সিলেট মহানগরের শাহপরান থানায় পরিবারের পক্ষ থেকে দুটি সাধারণ ডায়েরি করা হয় এবং ঘটনাস্থল ঢাকার উত্তরা থানায় ইফতেখারের স্ত্রী প্রিন্সিলা পারভিন সাধারণ ডায়েরি করেন। বেলা ১১টা থেকে একটা পর্যন্ত অবস্থান কর্মসূচিতে ইফতেখারের বাবা চিকিৎসক মইন উদ্দিন আহমদ, মা গওহর পারভিন, ছোট বোন তাহসিন শারমিনসহ ভাইবোনেরা ‘দিনারের খোঁজ দিন’ ব্যানার নিয়ে নানা আকুতি প্রকাশ করেন। তাঁরা অক্ষত ও সুস্থ অবস্থায় ইফতেখারকে ফিরিয়ে দিতে সরকারের প্রতি আহ্বান জানান। অবস্থান কর্মসূচিতে পরিবারের সদস্যরা বলেন, ‘যেকোনো অবস্থায় ইফতেখারকে ফিরিয়ে দেওয়া হোক। আজ ১৯৫ দিন ধরে আমরা পরিবারের সদস্যরা উদ্বিগ্ন। ইফতেখার ফিরে আসার প্রতীক্ষায় প্রহর গুনছি। আমাদের আশা, ইফতেখার এখনো অক্ষত আছে। সরকারের সদিচ্ছার হাত একটু প্রসারিত হলে ইফতেখার আমাদের মধ্যে ফিরে আসবে।’ অবস্থান কর্মসূচিতে আত্মীয়স্বজনসহ ইফতেখারের রাজনৈতিক সহকর্মীরাও একাত্ম হন। সংহতি জানিয়ে বক্তব্য দেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল গফফার, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম জালালী, সহসভাপতি নাসিম হোসাইন, বদরুজ্জামান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী আহমদ, নগরের সাংগঠনিক সম্পাদক রেজাউল হাসান, জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদিকা সামিয়া চৌধুরীসহ বিএনপি ও জাতীয়তাবাদী ছাত্রদলের নেতারা। বক্তারা ইলিয়াস আলীসহ সবাইকে ফিরিয়ে দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সরকারের দায়িত্ব জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। অথচ দেশে একের পর এক গুম হওয়ার ঘটনা ঘটছে। কিন্তু সরকার কিছুই করছে না। ইলিয়াস-দিনারসহ নিখোঁজ ব্যক্তিদের বের করে দিয়ে সরকারকে প্রমাণ করতে হবে, দেশে এখনো গণতন্ত্র বেঁচে আছে।