১৯৫ পাকিস্তানি যুদ্ধবন্দীকে ফিরিয়ে আনার দাবিতে করা রিট খারিজ
নয়াদিল্লি চুক্তির মাধ্যমে ছেড়ে দেওয়া পাকিস্তানের ১৯৫ জন যুদ্ধবন্দীকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার নির্দেশনা চেয়ে করা রিটটি সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। গতকাল রোববার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি সৈয়দা আফসার জাহানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সংক্ষিপ্ত শুনানির পর রিটটি খারিজ করে দেন।এ দিন সকালে সুপ্রিম কোর্টের আইনজীবী পারভেজ আহমেদ এ রিটটি করেন। দুপুরে সংক্ষিপ্ত শুনানির পর আদালত তা খারিজ করে দেন। সরকারপক্ষের সহকারী অ্যাটর্নি জেনারেল রাশেদ জাহাঙ্গীর প্রথম আলোকে বলেন, আবেদনকারী (সুপ্রিম কোর্টের আইনজীবী পারভেজ আহমেদ) সংক্ষুব্ধ ব্যক্তি নন, তাই আবেদন করতে পারেন না এবং রিট দায়েরের প্রক্রিয়া যথাযথ না হওয়ায় রিটটি খারিজ করে দিয়েছেন আদালত। রিট আবেদনকারীর কৌঁসুলি ফখরুল ইসলাম বলেন, আবেদনকারীর স্বার্থ জড়িত না থাকায় আদালত রিটটি খারিজ করে দেন। রিট আবেদনে বলা হয়, ১৯৭২ সালের ২ জুলাই সিমলা চুক্তির মাধ্যমে যুদ্ধবন্দী ১৯৫ জন পাকিস্তানিকে রেখে বাকিদের ছেড়ে দেওয়া হয়। ওই বছর ১৫ জুলাই সংবিধানে প্রথম সংশোধনী আনা হয়। একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য ১৯৭৩ সালের ২০ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন করা হয়। ১৯৭৪ সালের ৯ এপ্রিল নয়াদিল্লিতে ত্রিপক্ষীয় চুক্তির মাধ্যমে যুদ্ধবন্দী ১৯৫ জন পাকিস্তানিকে ছেড়ে দেওয়া হয়। ওই চুক্তিতে বাংলাদেশের পক্ষে তত্কালীন পররাষ্ট্রমন্ত্রী কামাল হোসেন, ভারতের পক্ষে সর্দার শরণ সিং এবং পাকিস্তানের পক্ষে আজিজ আহমেদ স্বাক্ষর করেন।রিটে বলা হয়, আইন থাকা সত্ত্বেও ১৯৫ জন যুদ্ধবন্দীকে চুক্তির মাধ্যমে ছেড়ে দেওয়া হয়। বিচার না করে তাদের ছেড়ে দেওয়া কেন অবৈধ নয়, তা জানাতে রুল জারির আরজি জানানো হয়। একই সঙ্গে রিট আবেদনকারী পাকিস্তানের ১৯৫ জনকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করার ব্যাপারে আদালতের নির্দেশনা চাওয়া হয়। রিটে পাকিস্তানি সেনাবাহিনীর সহায়ক বাহিনীর সদস্যদের নাম প্রকাশের নির্দেশনা চাওয়া হয়।