১৯৫ পাকিস্তানি যুদ্ধাপরাধীর বিচার দাবি

মুক্তিযুদ্ধের সময় নির্বিচারে মানুষ হত্যা, ধর্ষণ ও অগ্নিসংযোগের দায়ে অভিযুক্ত ১৯৫ জন পাকিস্তানি যুদ্ধাপরাধীর বিচার দাবি করেছে সেক্টর কমান্ডারস ফোরাম। পাকিস্তানের ঔদ্ধত্যপূর্ণ বাংলাদেশবিরোধী আচরণের প্রতিবাদে আজ রোববার রাজধানীতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে সেক্টর কমান্ডারস ফোরাম আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।
এ সময় ফোরামের ভাইস চেয়ারম্যান কে এম সফিউল্লাহ বলেন, ‘পাকিস্তানি সংসদে দেশটি কাদের মোল্লার প্রতি যে সহানুভূতি দেখিয়েছে, তা খুবই নিন্দনীয়। ৭১-এ পাকিস্তানকে বাঙালি যেভাবে আত্মসমর্পণে বাধ্য করেছিল, ঠিক তেমনি এখনো তাদেরকে এ সহানুভূতির জন্য ক্ষমা চাইতে বাধ্য করতে হবে।’ একই সঙ্গে এ দেশে পাকিস্তানি মদদপুষ্ট সব সংগঠনের সামাজিক কর্মকাণ্ড এবং জামায়াতকে নিষিদ্ধ করার দাবি জানান তিনি।
ফোরামের মহাসচিব হারুন হাবিব বলেন, জামায়াতের নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসির পর পাকিস্তানের জাতীয় পরিষদের শোক প্রস্তাব এবং পাকিস্তানি মন্ত্রী ও রাজনৈতিক নেতাদের বক্তব্যে সুস্পষ্টভাবে প্রমাণিত হয়, স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার পুরোনো অভ্যাস তারা এখনো ছাড়তে পারেনি।