১৯৫ পাকিস্তানি সেনার প্রতীকী বিচার ২৬ মার্চ
১৯৫ জন যুদ্ধাপরাধী পাকিস্তানি সেনার বিচারে ‘আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার’ নামের একটি সংগঠন তৈরি হয়েছে। এই সংগঠন আগামী বছর ২৬ মার্চ স্বাধীনতা দিবসে সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি সেনাদের প্রতীকী বিচারের আয়োজন করবে।
গতকাল শুক্রবার রাজধানীর সেগুনবাগিচার স্বাধীনতা হলে এক সংবাদ সম্মেলনে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এ কথা বলেন। সংবাদ সম্মেলনে ৩ জানুয়ারি মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ ও ৬ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর ফাঁসি বহাল ও কার্যকর করার দাবিতে গণ-অবস্থান কর্মসূচির ঘোষণা দেন শাজাহান খান। তিনি বলেন, নতুন সংগঠনটি ধারাবাহিক আন্দোলন করে যাবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বিভিন্ন শ্রেণি-পেশার ৫০১ জন ব্যক্তি ‘আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার’-এর আহ্বায়ক কমিটিতে আছেন। এর আহ্বায়ক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, যুগ্ম আহ্বায়ক সাংবাদিক আবেদ খানসহ নয়জন এবং সদস্যসচিব মুক্তিযোদ্ধা ওসমান আলী, সাংবাদিক অঞ্জন রায় ও কামাল পাশা চৌধুরী; সহকারী সদস্যসচিব শমী কায়সার ও কামরুল আলম।
সাংবাদিকদের শাজাহান খান বলেন, ১৯৫ জন যুদ্ধাপরাধী পাকিস্তান সেনার বিচার, দেশটির কাছে বাংলাদেশের পাওনা আদায়ে আন্তর্জাতিক চাপ সৃষ্টি, পাকিস্তান হাইকমিশনের ষড়যন্ত্রকারী কর্মকর্তা-কর্মচারীদের অবাঞ্ছিত ঘোষণা ও দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বিবেচনা, চিহ্নিত যুদ্ধাপরাধীদের কবর সরকারি জায়গা থেকে স্থানান্তর এবং জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জনমত গঠনের লক্ষ্যে এই সংগঠন তৈরি করা হয়েছে।
এক প্রশ্নের জবাবে পাকিস্তানি সেনাদের প্রতীকী বিচারের প্রক্রিয়া সম্পর্কে আবেদ খান বলেন, সরাসরি আদালত গঠনের এখতিয়ার ও বিদেশি নাগরিকের বিচার করার অধিকার তাঁদের নেই। এ জন্য শহীদজননী জাহানারা ইমাম গঠিত গণ-আদালতের আদলে বিচারপদ্ধতি অনুসরণ করা হবে। তিনি বলেন, ‘আমাদের এখানে বিচারকদের সমন্বয়ে একটি ট্রাইব্যুনাল গঠন করব এবং তাদের পক্ষে কথা বলার জন্য আইনজীবীও নিয়োগ করা হবে। অর্থাৎ একটি ট্রাইব্যুনালের স্বাভাবিক যে চরিত্র থাকে, সেটা অবিকৃত রাখতে চাই।’ এ সময় শাজাহান খান বলেন, ‘জাহানারা ইমাম যে প্রতীকী বিচার করেছিলেন, তা আজ বাস্তবে পরিণত হয়েছে। সুতরাং আমাদের এই জাগরণ ও আওয়াজ একদিন বাস্তবে পরিণত হবে বলে আমাদের বিশ্বাস।’
শাজাহান খান বলেন, ‘ঢাকার পাকিস্তানি হাইকমিশনের ভিসা কর্মকর্তা মাজহার খান ও তারপর সেকেন্ড সেক্রেটারি ফারিনা আরশাদ বাংলাদেশের অভ্যন্তরে জঙ্গি নেটওয়ার্ক মনিটর করছেন এবং জাল মুদ্রার ব্যবসায় পৃষ্ঠপোষকতা করছেন।’