১৯৫ পাকিস্তানি সেনার বিরুদ্ধে যুদ্ধাপরাধের তথ্য সংগ্রহে কমিটি
একাত্তরে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনীর ১৯৫ জনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের প্রাথমিক তথ্য-উপাত্ত সংগ্রহের জন্য একটি কমিটি গঠন করেছে মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থা।
রাজধানীর ধানমন্ডিতে তদন্ত সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে গতকাল বুধবার সংস্থাটির সমন্বয়ক আবদুল হান্নান খান এ কথা বলেন। মৌলভীবাজারের রাজনগর উপজেলার পাঁচজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করা নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
আবদুল হান্নান খান বলেন, পাঁচ সদস্যের এ কমিটির প্রধান হলেন তদন্ত সংস্থার উপপরিচালক মতিউর রহমান। বাকি চারজন হলেন উপপরিচালক মো. হেলালউদ্দিন, সহকারী পরিচালক নূরুল ইসলাম, আবদুর রাজ্জাক খান ও মনোয়ারা বেগম।
সংবাদ সম্মেলনে জানানো হয়, একাত্তরে পাকিস্তানি সেনাবাহিনীর ১৯৫ জন এবং নৌ ও বিমানবাহিনীর পাঁচজনসহ ২০০ কর্মকর্তার নাম এই তালিকায় আছে। এ সংখ্যা বাড়তে পারে। ১৮ জানুয়ারি গঠনের পর মঙ্গলবার কমিটি প্রথম বৈঠক করে।
মৌলভীবাজারের পাঁচজনের বিরুদ্ধে ছয় অভিযোগ: মৌলভীবাজারের রাজনগর উপজেলার পাঁচ ‘রাজাকারের’ বিরুদ্ধে হত্যা, গণহত্যা, অপহরণ, আটক, নির্যাতন, অগ্নিসংযোগ প্রভৃতি মানবতাবিরোধী অপরাধের ছয়টি অভিযোগ পাওয়া গেছে। যে পাঁচজনের বিরুদ্ধে এসব অভিযোগ আনা হয়েছে তাঁরা হলেন শামসুল হোসেন তরফদার, মোবারক মিয়া, নেসার আলী, ইউনুস আহমেদ ও ওজায়ের আহমেদ চৌধুরী। তাঁদের মধ্যে ইউনুস আহমেদ ও ওজায়ের আহমেদ চৌধুরী গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।