১৯৫ পাকিস্তানির যুদ্ধাপরাধের বিচার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে পাকিস্তানের হস্তক্ষেপের প্রতিবাদে ‘ক্ষমা চাও পাকিস্তান’ ব্যানারে মানববন্ধন করেছে সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ’৭১। এ সময় ফোরামের নেতারা বাংলাদেশের যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে অবিলম্বে ১৯৫ জন পাকিস্তানির বিচার শুরু করার আহ্বান জানান।

গতকাল রোববার বেলা ১১টায় শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে এই মানববন্ধন হয়। এ সময় তাঁরা ‘ক্ষমা চাও পাকিস্তান’, ‘ষড়যন্ত্র প্রতিহত কর, যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন কর’, ‘যে মাটিতে লাখো শহীদের রক্ত, সে মাটিতে যুদ্ধাপরাধীদের স্থান নাই’, ‘বাংলাদেশে হস্তক্ষেপ বন্ধ কর’ ইত্যাদি লেখা প্ল্যাকার্ড বহন করেন।

আয়োজক সংগঠনের সভাপতি মেজর জেনারেল (অব.) কে এম সফিউল্লাহ বলেন, পাকিস্তানিরা ৪৫ বছর আগে চলে গেছে, কিন্তু এ দেশে নির্লজ্জ কিছু লোক রেখে গেছে। যুদ্ধাপরাধের বিচারের কাজ এখনো শেষ হয়নি। পাকিস্তান তাদের স্বীকৃত ১৯৫ যুদ্ধাপরাধীর বিচার করেনি। বঙ্গবন্ধু তাদের মাফ করেননি উল্লেখ করে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি এই পাকিস্তানিদের বিচারের আহ্বান জানান।

এ সময় সেক্টর কমান্ডারস ফোরামের মহাসচিব হারুন হাবীব, ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি আবুল হাসেম ভূঁইয়া, কেন্দ্রীয় সহসভাপতি মোশারফ হোসেন ভূঁইয়া, স্বাধীন বাংলা বেতারের শিল্পী বুলবুল মহলানবীশ প্রমুখ বক্তব্য দেন।