১৯৫৮ সালের অক্টোবর থেকে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার বাঙালি জাতীয়তাবাদের তোষামোদি এবং পূর্ব পাকিস্তানের স্কুল-কলেজে সরকারিভাবে শহীদ দিবস পালনকে উৎসাহিত করার নীতি গ্রহণ করেছিল।
উল্লেখ্য, ইস্কান্দার মির্জাকে উৎখাত করে জেনারেল আইয়ুব খান আটান্নর অক্টোবরে ক্ষমতা গ্রহণ করেছিলেন। ঢাকার তৎকালীন মার্কিন কনসাল গিনি ক্যাপ্রিও আইয়ুব শাসনামলের গোড়া থেকেই কেন্দ্রীয় সরকারের পূর্ব পাকিস্তান নীতি তীক্ষভাবে পর্যবেক্ষণ করছিলেন। ১৯৬০ সালের ২৪ ফেব্রুয়ারি ওয়াশিংটনে পাঠানো এক প্রতিবেদনে ক্যাপ্রিও ওই মন্তব্য করেন।
সামরিক শাসন জারির দুই বছর পরের একুশে পালনে কিছুটা ভিন্নতা লক্ষ করেছিলেন ক্যাপ্রিও। তিনি মন্তব্য করেন, এবারে পূর্ব পাকিস্তানের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে মাত্র অল্প কয়েক দিনের প্রস্তুতিতে একুশে ফেব্রুয়ারি পালিত হয়েছে। কর্তৃপক্ষ এতে বাধা দেয়নি। আবার একেবারে মুক্তভাবেও সভা-সমাবেশ করতে দেয়নি। তদুপরি সরকারের অপেক্ষাকৃত নমনীয়তা দেখে অনেকেই বিস্মিত। সরকার মনে করে যে এখানকার রাজনৈতিক অবস্থা এখন যথেষ্ট স্থিতিশীল। তাই স্পর্শকাতর বাঙালিদের, ক্যাপ্রিওর ভাষায় ‘জাতীয়তাবাদী এবং সংকীর্ণ পক্ষপাতমূলক’ একুশে উদ্যাপনে বাধা দেওয়া ঠিক হবে না।
ওই প্রতিবেদনে ক্যাপ্রিও লিখেছেন, ‘বাঙালির সংবেদনশীলতার প্রতি কেন্দ্রের সচেতনতা রয়েছে। প্রদেশের স্কুলগুলোতে শহীদ দিবস পালনকে উৎসাহিত করা কেন্দ্রীয় সরকারের নীতির সঙ্গে সংগতিপূর্ণ। কারণ, ১৯৫৮-এর অক্টোবরে সামরিক শাসন জারি থেকে কেন্দ্রীয় সরকার বাঙালি জাতীয়তাবাদের তোষামোদি শুরু করেছে। বাঙালিদের আস্থাভাজন হওয়ার জন্য তিনি ধারণা দিয়েছিলেন যে দুই প্রদেশ সমান এবং বাংলা সর্বদা উর্দুর সঙ্গে এক সমান্তরালে চলবে।’
ওই বার্তায় ক্যাপ্রিও আরও লিখেছেন, এটা লক্ষণীয় যে শহীদ দিবস (১৯৬০) পালন করতে গিয়ে কর্তৃপক্ষ এমন কিছুই করেনি, যাতে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে। দিনটিতে প্রদেশের কোথাও কোনো কুচকাওয়াজ হয়নি। কিংবা কোথাও হাইডপার্ক ধরনের বক্তৃতাও হয়নি। সমগ্র প্রদেশজুড়ে একুশের কর্মসূচি ছিল নিষ্প্রাণ ও ঘরোয়া। এটাও কৌতূহলোদ্দীপক যে ঢাকার মাত্র দুটি দৈনিক সংবাদ ও ইত্তেফাক শহীদ দিবসে সম্পাদকীয় ছেপেছে।
১৯৫৮ সালের ২৬ ডিসেম্বর তিন দিনের সফরে পূর্ব পাকিস্তানে এসেছিলেন আইয়ুব খান। এই সফর উপলক্ষে ঢাকার মার্কিন কনসাল অন্তত দুটি বার্তা পাঠিয়েছিলেন। ৩০ ডিসেম্বর ১৯৫৮ পাঠানো বার্তায় মার্কিন কনসাল মন্তব্য করেছিলেন, বাঙালিদের আস্থা অর্জন করতে আইয়ুব যথেষ্ট সতর্ক ও সচেষ্ট ছিলেন। তারা এমনকি শঙ্কিত ছিল যে সরকারবিরোধী আন্দোলন যদি তীব্রতর হয়, তাহলে দ্রুতই তাকে বাঙালি জাতীয়তাবাদ ও বিচ্ছিন্নতাবাদের সঙ্গে এক করে দেখা হবে। এটা করতে তারাই অতি উৎসাহী হয়ে উঠবে, যারা এখন আইয়ুব সরকারে নেই।
কনসাল ক্যাপ্রিও বলেন, ‘বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে আয়োজিত অনেক জাঁকালো অনুষ্ঠানে আইয়ুব খানের প্রাণবন্ত উপস্থিতি লক্ষ করা যায়। তাঁর সফরসঙ্গী জেনারেল আযম খান (১৯৬০ সালের এপিলে তিনি পূর্ব পাকিস্তানের গভর্নর হন) এ ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেন।’ এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘বাঙালিদের দেশপ্রেম এবং তাঁদের মানবীয় গুণাবলির মহত্ত্বে তিনি গভীরভাবে মুগ্ধ।’
আইয়ুব তাঁর ব্যক্তিগত তহবিল থেকে বাংলা একাডেমিকে ১০ হাজার টাকা অনুদান দেন। তাঁর ঢাকা সফরের অনেক আগে থেকেই সরকারি কর্মকর্তারা প্রচার চালাতে শুরু করেন যে সরকার বাংলা একাডেমিকে একটি সক্রিয় ও শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর। আধুনিক চিন্তা ও বিজ্ঞানকে সমাজে ছড়িয়ে দিতে বাংলা ভাষাকে সমৃদ্ধ করতে হবে।
১৯৫৯ সালের ৭ জানুয়ারি পৃথক এক বার্তায় ক্যাপ্রিও জানিয়েছিলেন, ‘২৮ ডিসেম্বর আইয়ুব চট্টগ্রামে নিয়াজ স্টেডিয়ামে ভাষণ দিয়েছিলেন। জেনারেল সম্ভবত জাতীয়তাবাদী চেতনায় উর্দুতে ভাষণ দেন। তিনি বাংলা জানেন না। তদুপরি জনতা পিনপতন নীরবতার মধ্য দিয়ে তাঁর বক্তব্য শুনেছে, তাঁর প্রতি তারা বৈরী মনোভাব দেখায়নি।’