১৯৬৩ সালের রেকর্ড দেখলেই সত্যি জানা যাবে: মতীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৬৩ সালে বরিশালে ছাত্রসংঘ ছিল না বলে আবার জোর দিয়ে দাবি করলেন মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধ তদন্তে গঠিত সংস্থার প্রধান আবদুল মতীন। অবকাঠামো ও উপকরণগত সমস্যার কারণে তদন্তের কাজে সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।আবদুল মতীন গতকাল মঙ্গলবার নিজের কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে বক্তব্য দিচ্ছিলেন। শুরুতে দেওয়া লিখিত বক্তব্যে মতীন বলেন, তাঁর বাবা ও ছোট ভাই মুক্তিযোদ্ধা ছিলেন। মুক্তিযোদ্ধারা তাঁদের বাড়িতে খাওয়াদাওয়া করে অপারেশনে যেতেন। জামায়াতে ইসলামীর ছাত্রসংগঠন ছাত্রশিবিরের পূর্বসূরি ইসলামী ছাত্রসংঘের সঙ্গে মতীনের সংশ্লিষ্টতার ব্যাপারে বরিশালের জামায়াতের এক নেতার বক্তব্য নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি ১৯৬৩ সালে বিএম কলেজ থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছি। ওই সময় বরিশালে ছাত্রসংঘ ছিল না।...আমি সত্যি বলছি, বিএম কলেজের ১৯৬৩ সালের রেকর্ড দেখলে বোঝা যাবে।’মঙ্গলবার একটি জাতীয় দৈনিকে প্রকাশিত খবরে বলা হয়, জামায়াতের নেতা মহিউল ইসলাম বলেছেন, ছাত্রসংঘের প্রার্থী হিসেবেই ছাত্রসংসদের নির্বাচন করেছিলেন মতীন। এর আগে প্রধানমন্ত্রীর উপদেষ্টা আলাউদ্দিন আহমেদ ৩০ এপ্রিল ছাত্রসংঘের সঙ্গে মতীনের জড়িত থাকার কথা বললে চাঞ্চল্যের সৃষ্টি হয়।পদত্যাগ প্রশ্নে আবদুল মতীন বলেন, ‘সরকার নিয়োগ দিয়েছেন, সরকারের নির্দেশে কাজ করছি। তবে সরকার বললে সবাই বাধ্য।’ তদন্ত সংস্থার প্রধান বলেন, অবকাঠামো ও আনুষঙ্গিক সুবিধার অভাবে ঠিকমতো রাজধানীতে চলাচল বা ঢাকার বাইরে যেতে পারছে না সংস্থা। একটি পুরোনো মাইক্রোবাস দেওয়া হলেও তেল দেওয়া হয়নি। এ ছাড়া কম্পিউটার ও ইন্টারনেট সংযোগ পাননি। কাজের অগ্রগতির প্রশ্নে তিনি বলেন, ‘তদন্তকাজ থেমে নেই। তথ্য-উপাত্ত ও বইসহ প্রাপ্ত তথ্য একাত্তরের ঘটনার সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে।’ তদন্তকাজ তাড়াতাড়ি করতে জোর তাগিদ দিচ্ছেন বলে জানান মতীন। তিনি বলেন, জনবল ও অবকাঠামোগত সুবিধা নিশ্চিতের জন্য তিনি মন্ত্রণালয়কে জানিয়েছেন। তারা সব কিছুই ‘নিয়মতান্ত্রিকভাবে আস্তে আস্তে’ দিচ্ছে। মে মাসে তদন্ত প্রতিবেদন দেওয়া যাবে কি না—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কাজ চলছে। কর্মকর্তারা প্রতিবেদন তৈরি করলে দেওয়া হবে।’