সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, ‘আমরা ১৯৭১ সালে হারি নাই, ২০১৪ সালেও হারব না। আমরা নির্বাচন করে ক্ষমতায় এসেছি, এটা যুদ্ধের শুরু মাত্র, যুদ্ধ এখনো শেষ হয় নাই।’
নীলফামারী শিল্পকলা একাডেমী মিলনায়তনে স্বেচ্ছাসেবক লীগ নীলফামারী জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলনে গতকাল শনিবার বিকেলে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘বর্তমান সরকারকে উৎখাতের জন্য দেশে-বিদেশে ষড়যন্ত্র চলছে। তারেক রহমান লন্ডনে বসে সরকারের ও শেখ হাসিনার নামে বিভ্রান্তিমূলক তথ্য পরিবেশন করছেন। আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন আমাদের ওপর চাপ সৃষ্টি করছে, তার পরও আমাদের অগ্রগতি থেমে নেই। আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন অব্যাহত আছে।’
মন্ত্রী আরও বলেন, ‘আমরা কী পেলাম, কী পেলাম না, সে হিসাব ভুলে যেতে হবে। দেশ রক্ষার যুদ্ধের কেবল সূচনা হয়েছে। নিজেকে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে গড়ে তুলতে না পারলে এ যুদ্ধের শেষ হবে না। যারা ধ্বংসের রাজনীতি করে, যারা বাংলাদেশকে চায় না—বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সেই অপশক্তিকে ধ্বংস করতে হবে।’
সংগঠনের জেলা আহ্বায়ক কামরুজ্জামানের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন দলের কেন্দ্রীয় সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাওছার। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাংসদ পঙ্কজ দেবনাথ।