১৯৭১: আমন্ত্রণ পেয়ে বিস্মিত কাদের মোল্লা
তিনি স্বপ্নেও ভাবেননি এমন চিঠি পাবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির কাছ থেকে। চিঠি পেয়ে তিনি বিস্মিত, হতবাক।তাঁর নাম কাদের মোল্লা। পুরো নাম মুন্সী মোহাম্মদ ফজলে কাদের। তবে কাদের মোল্লা নামেই সবার কাছে পরিচিত।১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় কাদের মোল্লা কর্মরত ছিলেন কলকাতা ডেপুটি হাইকমিশনে। ১৮ এপ্রিল দুপুরে ডেপুটি হাইকমিশনে যখন পাকিস্তানের পতাকা নামিয়ে স্বাধীন বাংলাদেশের পতাকা তুলেছিলেন তৎকালীন ডেপুটি হাইকমিশনার হোসেন আলী, তখন তাঁর কাছেই ছিলেন তিনি। তিনি সেদিন ডেপুটি হাইকমিশনের বাংলাদেশ সরকারের প্রতি আনুগত্যসংক্রান্ত ঘোষণাপত্রটির অনুলিপি (কপি) পৌঁছে দিয়েছিলেন কলকাতার সংবাদপত্র ও আকাশবাণী রেডিও কেন্দ্রসহ সর্বত্র। সেই একাত্তরের জীবন্ত সাক্ষী কাদের মোল্লা এখন অবসর জীবন যাপন করছেন মুর্শিদাবাদের গ্রামের বাড়িতে। তিনি এবার সংবর্ধিত হচ্ছেন বাংলাদেশে। মুক্তিযুদ্ধে বিদেশি বন্ধুদের অবদানের স্বীকৃতিস্বরূপ এবার স্বাধীনতা দিবসের প্রাক্কালে বাংলাদেশ সরকার যেসব বিদেশি বন্ধুকে সংবর্ধিত করছে, তাঁদের মধ্যে রয়েছেন কাদের মোল্লাও। চিঠি পেয়ে আবেগাপ্লুত কাদের মোল্লা। তাঁর কথা, ‘আমি বাঙালি। তাই সেই টানেই সেদিন বাংলাদেশের মুক্তিযুদ্ধে তাঁদের পাশে দাঁড়িয়েছিলাম।’