১৯৭১-এর গণহত্যার জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭১ সালে বাংলাদেশের গণহত্যার জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি দাবি করেছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। এ জন্য ২৫ মার্চকে গণহত্যা দিবস ঘোষণারও দাবি জানিয়েছেন সংগঠনের নেতারা।

 ‘অধ্যাপক কবীর চৌধুরী স্মারক বক্তৃতা-৬’ শিরোনামে আয়োজিত আলোচনা সভায় এই দাবি জানানো হয়। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির অন্যতম প্রধান প্রয়াত অধ্যাপক কবীর চৌধুরীর ৯৪তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এই স্মারক বক্তৃতা ও আলোচনা সভার আয়োজন করে নির্মূল কমিটি।

অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘২৫ মার্চকে গণহত্যা দিবস ঘোষণা না হওয়ার কোনো কারণ দেখি না। আমরা নিজেরাই তো ওই গণহত্যার সাক্ষী। আর আসলেই এটা শুনতে খারাপ লাগে দেশে হাত ধোয়া দিবস পর্যন্ত আছে, অথচ গণহত্যা দিবস নেই। আমি সংসদে বিষয়টি তুলব। ২৫ মার্চকে গণহত্যা দিবস ঘোষণা করে আন্তর্জাতিকভাবে এই স্বীকৃতি আদায় করতে হবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানী। সূচনা বক্তব্য দেন সংগঠনের সভাপতি শাহরিয়ার কবির। সঞ্চালনা করেন শমী কায়সার।

অনুষ্ঠানে একাত্তরের গণহত্যা সম্পর্কে শাহরিয়ার কবির সম্পাদিত অন রিকগনিশন অব বাংলাদেশ জেনোসাইড গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে অধ্যাপক কবীর চৌধুরী স্মারক বক্তৃতায় মুক্তিযুদ্ধগবেষক এবং সেন্টার ফর দ্য স্টাডি অব জেনোসাইড অ্যান্ড জাস্টিসের পরিচালক মফিদুল হক বলেন, ১৯৭১ সালে বাংলাদেশে ভয়াবহ গণহত্যা হয়েছে। নয় মাসজুড়ে পাকিস্তানি বাহিনী ও তাদের দোসরেরা এই গণহত্যা চালিয়েছে। যুদ্ধাপরাধীদের বিচার শুরুর মামলায় আসামিপক্ষও এই গণহত্যা অস্বীকার করেনি। তারা শুধু বলেছে, গণহত্যা হলেও তাদের মক্কেলেরা জড়িত নয়। আর ২৫ মার্চ রাত থেকে পাকিস্তান বাহিনী তো প্রকাশ্যে গণহত্যা চালিয়েছে।

ব্রিটিশ সমাজকর্মী জুলিয়ান ফ্রান্সিস বলেন, ‘১৯৭১ সালে শরণার্থীদের সংকট আমি নিজে দেখেছি। মনোচিকিৎসা দেওয়ার চেষ্টা করেছি তাদের। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যেমন গণহত্যা হয়েছে, বাংলাদেশেও যে ’৭১ সালে সেটা হয়েছে তার অনেক সাক্ষ্য-প্রমাণ আছে। তাই এই গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া উচিত।’

নর্থ আমেরিকান জুরিস্ট অ্যাসোসিয়েশন কানাডা চ্যাপ্টারের সাবেক সভাপতি আইনজীবী উইলিয়ান স্লোন বলেন, গণহত্যা, ধর্ষণ এগুলো সবই আন্তর্জাতিক অপরাধ। কাজেই ১৯৭১ সালের গণহত্যাকে বিশ্ববাসীর কাছে তুলে ধরা উচিত।

অধ্যাপক মুনতাসীর মামুন বলেন, ‘মুক্তিযুদ্ধের ইতিহাস আসলে আমরা শুধু বিজয়ের ইতিহাস বলি। কিন্তু নয় মাসের গণহত্যা, ধর্ষণ এগুলোর কথা সেভাবে আসে না।’ শহীদসন্তান মেঘনা গুহ ঠাকুরতা বলেন, ‘আমরা নিজের পরিবার থেকেই একাত্তরের গণহত্যার কথা জানি। পরবর্তীকালে লেখাপড়া করতে এসেও সেটি দেখেছি। এই গণহত্যার স্বীকৃতি জরুরি।’