১৯৮ শিক্ষার্থীর জন্য শিক্ষক একজন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৭৮ বছরের পুরোনো বগুড়ার ঐতিহ্যবাহী সরকারি আজিজুল হক কলেজে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তরের ২৩টি বিভাগ ও উচ্চমাধ্যমিক শ্রেণি মিলে শিক্ষার্থীর সংখ্যা ৩৫ হাজার ৩০০। কলেজে শিক্ষকের পদ রয়েছে ১৮৪টি। এর মধ্যে শিক্ষক রয়েছেন ১৭৮ জন। পদশূন্য ৬টি। গড়ে ১৯৮ শিক্ষার্থীর জন্য রয়েছেন মাত্র ১ জন শিক্ষক। 

কলেজ প্রশাসন সূত্রে জানা গেছে, ১৯৩৯ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য স্যার আজিজুল হকের নামানুসারে খান বাহাদুর মোহাম্মদ আলীসহ কয়েকজন শিক্ষানুরাগীর প্রচেষ্টায় উচ্চমাধ্যমিকে ১৫১ শিক্ষার্থী নিয়ে কলেজটি প্রতিষ্ঠিত হয়। ১৯৬৮ সালে কলেজটি সরকারীকরণ হয়। কলেজের আয়তন ১৬৫ বিঘা। দুটি আলাদা ক্যাম্পাসে উচ্চমাধ্যমিক স্তর ও চারটি অনুষদে ২৩টি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পড়ানো হয়। এর বাইরে এক বছর মেয়াদি ইনফরমেশন অ্যান্ড কম্পিউটার টেকনোলজি ইনস্টিটিউট ও বিদেশি ভাষা শিক্ষার জন্য ফরেন ল্যাংগুয়েজ ইনস্টিটিউট রয়েছে।

কলেজ প্রশাসন সূত্র আরও জানায়, এনাম কমিশনের সুপারিশ অনুযায়ী, স্নাতক ও স্নাতকোত্তর পড়ানো বিশ্ববিদ্যালয়ের সমমর্যাদার কলেজে প্রতিটি বিভাগে গড়ে ১২ জন শিক্ষক থাকার কথা। কিন্তু বাংলা, গণিত, রসায়ন, উদ্ভিদবিদ্যা, প্রাণিবিদ্যা, ভূগোলসহ কয়েকটি বিভাগে গড়ে ৭ থেকে ১০ জন শিক্ষক রয়েছেন। ২ জন শিক্ষক দিয়ে চলছে সমাজকর্ম, মার্কেটিং এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ। উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের জন্য ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিষয় বাধ্যতামূলক হলেও এ বিষয়ে শিক্ষকের কোনো পদ সৃষ্টি করা হয়নি। বাংলা বিভাগ ৯ জন শিক্ষক দিয়ে চলছে।এনাম কমিশনের সুপারিশ মানলে, উচ্চমাধ্যমিক স্তর বাদে শুধু স্নাতক ও স্নাতকোত্তরের ২৩ বিভাগেই শিক্ষকের পদ থাকার কথা ২৭৬। নতুন করে ৯৩ শিক্ষকের পদ সৃষ্টি চেয়ে কলেজ প্রশাসন শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা অধিদপ্তরে আবেদন করলেও সাড়া মিলছে না।

 শিক্ষক-সংকটের চেয়েও প্রকট শ্রেণিকক্ষ-সংকট। স্নাতক ও øস্নাতকোত্তর পর্যায়ে প্রায় ৩২ হাজারশিক্ষার্থীর জন্য নতুন ভবনে শ্রেণিকক্ষের সংখ্যা মাত্র ৪১টি। প্রতিটি বিভাগে প্রয়োজন অন্তত ৬টি শ্রেণিকক্ষ, আছে ১ থেকে ২টি। অন্যদিকে কলেজের পুরোনো ভবনে উচ্চমাধ্যমিক শাখায় প্রায় ৩ হাজার ৩০০শিক্ষার্থীর জন্য শ্রেণিকক্ষ মাত্র ১০টি।

অন্তত ১০ জন শিক্ষার্থী অভিযোগ করে বলেন, শ্রেণিকক্ষ-সংকটে এক বর্ষের ক্লাস চললে অন্য বর্ষের শিক্ষার্থীদের বারান্দায় অপেক্ষা করতে হয়। এ ছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মান চার বর্ষ এবং মাস্টার্স দুই পর্ব, ডিগ্রি (পাস) কোর্সের তিন বর্ষ এবং উচ্চমাধ্যমিক স্তরের বর্ষপরিবর্তন ও চূড়ান্ত পরীক্ষার কারণে বছরে গড়ে পাঁচ মাসই পাঠদান বন্ধ থাকে। এর বাইরে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, শিক্ষক নিবন্ধন পরীক্ষাসহ নানা পরীক্ষা হয়। ঠিকমতো ক্লাস না হওয়ায় শিক্ষার্থীরা এখন প্রাইভেট-কোচিং ও নোট-গাইডমুখী হচ্ছেন। নিয়ম ভেঙে শিক্ষকেরাও নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রাইভেট পড়াচ্ছেন।

কলেজে আবাসন-সুবিধা ও পরিবহনব্যবস্থাও অপ্রতুল। প্রশাসনিক কাজে যুক্ত একজন শিক্ষক বলেন, একমাত্র ছাত্রীনিবাস বেগম রোকেয়া হলে আসনসংখ্যা ৩০০। অথচ এখানে থাকতে হচ্ছে প্রায় ১ হাজার ছাত্রীকে। প্রত্যেক বিছানায় গড়ে ৩ জনের বেশিছাত্রীকে থাকতে হয়। চেয়ার-টেবিল ভাগাভাগি করে পড়ালেখা করতে হয় ছাত্রীদের।

কয়েকজন ছাত্রী বলেন, অনেকেই ছাত্রীনিবাসে জায়গা না পেয়ে আশপাশে মেসে থাকেন। এতে খরচ বেশি হয়, তেমনি নিরাপত্তাহীনতায় থাকতে হয়। তবে ছাত্রীদের থাকার জন্য আরেকটি আবাসিক ভবন হচ্ছে।

ছাত্রদের চারটি ছাত্রাবাসের মধ্যে শহীদ তিতুমীর হলে ৮০, শহীদ আখতার আলী মুন হলে ৯৬, শের-ই-বাংলা হলে ৪০ এবং ফকরুদ্দিন আহম্মেদ হলে ৯৬ শিক্ষার্থী থাকার ব্যবস্থা রয়েছে। এর মধ্যে ২০০৯ সালে ছাত্রলীগ-ছাত্রশিবির সংঘর্ষের পর বন্ধঘোষিত শের-ই-বাংলা, শহীদ তিতুমীর এবং আখতার আলী মুন হল আজও খোলেনি।

কলেজে ছয়টি বাস থাকলেও দুটির অবস্থা লক্কড়ঝক্কড়। বাস রাখার জন্য গ্যারেজ নেই। বাস রাখা হয় অধ্যক্ষের বাসভবন ও ছাত্রীনিবাসের রাস্তায়।

রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ফারুক আহম্মেদ বলেন, প্রতিটি জেলা শহরে স্বতন্ত্র পরীক্ষার হল করে সব বর্ষের পরীক্ষা বছরের একটি নির্দিষ্ট সময়ে একসঙ্গে নিলে ক্লাস বন্ধের সমস্যা দূর হবে।

কলেজের অধ্যক্ষ সামস্-উল আলম প্রথম আলোকে বলেন, ‘কলেজের সবচেয়ে বড় সমস্যা শিক্ষক ও শ্রেণিকক্ষ-সংকট। এনাম কমিশনের সুপারিশ অনুযায়ী কিছুদিন আগে শিক্ষকের আরও ৯৩টি পদ সৃষ্টির জন্য শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষকদের আবাসন ও পরিবহন-সুবিধাও বাড়াতে হবে।