১৯৯ জন শ্রমিককে ছাঁটাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের ফতুল্লার কাঠেরপুল এলাকার রপ্তানিমুখী পোশাক কারখানা মেট্রো নিটিং অ্যান্ড ডাইংয়ের ১৯৯ জন শ্রমিককে গতকাল শুক্রবার ছাঁটাই করা হয়েছে। শ্রমিকদের দাবি, কোনো কারণ ছাড়াই তাঁদের ছাঁটাই করা হয়েছে।তবে কারখানা কর্তৃপক্ষ বলেছে, কারখানার নীতিনির্ধারণী কাজে হস্তক্ষেপ শুরু করায় পাওনাদি পরিশোধ করে শ্রমিকদের ছাঁটাই করা হয়েছে। এদিকে গতকাল দিনের প্রথম ভাগে ছাঁটাই হওয়া শ্রমিকদের শ্রম আইন অনুযায়ী পাওনা পরিশোধ করা হচ্ছে না—এমন গুজবে তাঁদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ শ্রমিকেরা প্রেসক্লাব ভবনের বিকেএমইএর প্রধান কার্যালয়ের নিচে অবস্থান নেন।খবর পেয়ে বিকেএমইএর একটি প্রতিনিধিদল সেখানে গিয়ে শ্রম আইন অনুযায়ী পাওনা পরিশোধের আহ্বান জানালে প্রতিষ্ঠানের কর্মকর্তারা তা মেনে নেন। পরে শ্রমিকেরাও শান্ত হন।প্রতিষ্ঠানের ছাঁটাই হওয়া সুইং সেকশনের শ্রমিক মুরাদ হোসেন ও সাগর জানান, বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত তাঁরা কাজ করেছেন। গতকাল সকালে কাজে যোগ দিতে এসে দেখেন, তাঁদের ছাঁটাইয়ের নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে। তাঁদের দাবি, কোনো কারণ ছাড়াই তাঁদের ছাঁটাই করা হয়েছে। জানতে চাইলে প্রতিষ্ঠানের প্রশাসনিক কর্মকর্তা খোরশেদ প্রথম আলোকে বলেন, ছাঁটাই হওয়া শ্রমিকেরা কাকে কাজে রাখতে হবে আর কাকে রাখা যাবে না—এমন সব কাজে হস্তক্ষেপ করতে শুরু করেছিলেন। এ জন্য তাঁদের শ্রম আইন অনুযায়ী পাওনাদি পরিশোধ করে ছাঁটাই করা হয়েছে। বিকেএমএইর লেবার এইড কমিটির চেয়ারম্যান জি এম ফারুখ জানান, ছাঁটাই হওয়া ১৯৯ শ্রমিকের মধ্যে ৭০ জনের পাওনাদি প্রতিষ্ঠান থেকে এবং বাকিদের পাওনা চাষাঢ়া শ্রম কার্যালয় থেকে পরিশোধ করা হয়েছে।