২ অক্টোবরের টিকিটের জন্য হাহাকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র ঈদুল আজহা ও দুর্গাপূজা উপলক্ষে দূরপাল্লার বিভিন্ন বাসের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে গতকাল সোমবার। প্রথম দিনে হাহাকার দেখা গেছে আগামী ২ অক্টোবরের টিকিটের জন্য।

রাজধানীর কল্যাণপুর, গাবতলী, টেকনিক্যাল ও মাজার রোডে পরিবহন কোম্পানিগুলোর কাউন্টারগুলোতে ভোর ছয়টা থেকে আগাম টিকিট বিক্রি শুরু হয়। বিক্রি শুরুর দেড় ঘণ্টার মধ্যে কাউন্টারগুলো থেকে জানানো হয়, ২ অক্টোবরের টিকিট শেষ।

 টিকিটের জন্য লাইনে দাঁড়ানো যাত্রীদের অনেকেই অভিযোগ করেন, ভোর ছয়টা থেকে লাইনে দাঁড়ালেও তাঁরা ২ অক্টোবরের টিকিট পাননি। তাঁদের মতে, এবার ২ ও ৩ অক্টোবরের টিকিটের চাহিদা সবচেয়ে বেশি। পরে বেশি দামে বিক্রি করার জন্য টিকিট রেখে দেওয়া হচ্ছে। স্বাভাবিক সময়ের চেয়ে দামও ৫০-১০০ টাকা বেশি নেওয়া হচ্ছে।

অবশ্য বিভিন্ন বাস কাউন্টারের ব্যবস্থাপকেরা দাবি করেন, লাইনের সামনে যাঁরা দাঁড়িয়েছিলেন তাঁরাই ২ অক্টোবরের টিকিট কিনে ফেলেছেন। অন্যান্য দিনের টিকিট আছে।

নাবিল পরিবহনের ব্যবস্থাপক মো. আনিসুর রহমান বলেন, এবার অন্যবারের তুলনায় ভিড় কম। তবে আসন্ন ছুটির দিনগুলোতে টিকিটের জন্য ভিড় বাড়তে পারে। এ ছাড়া এবার অনলাইনেও টিকিট ছাড়া হয়েছে। এ কারণেও ভিড় কম হতে পারে।

ফকিরেরপুল, আরামবাগে ভিড় কম: ফকিরেরপুল, আরামবাগ ও রাজারবাগের বাস কাউন্টারগুলো ঘুরে আগাম টিকিটের জন্য যাত্রীদের তেমন ভিড় দেখা যায়নি।

হানিফ, শ্যামলী, সোহাগ, ইউনিক ও টিআর পরিবহনের বিভিন্ন কাউন্টার ঘুরে দেখা গেছে, কিছু কাউন্টারে টিকিট বিক্রি শুরু হয়েছে, কিছু কাউন্টারে শুরু হয়নি। ফকিরেরপুলের শ্যামলী ও এস আলম কাউন্টার থেকে বলা হয়, ২০ সেপ্টেম্বরের পর থেকে টিকিট বিক্রি শুরু হবে।

রাজারবাগের গ্রিনলাইন কাউন্টারে কথা হয় চট্টগ্রামের যাত্রী ওয়াসেক রহমানের সঙ্গে। তিনি ২ অক্টোবরের আগাম টিকিট কিনেছেন। তিনি বললেন, নির্ধারিত মূল্যেই টিকিট কিনেছেন, ভিড়ও তেমন নেই।