চট্টগ্রামে নৌবাহিনীর ঈসা খাঁ ঘাঁটির সুরক্ষিত এলাকার দুটি মসজিদে আত্মঘাতী বোমা (গ্রেনেড) হামলার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার দুজনকে জিজ্ঞাসাবাদ করতে এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
গতকাল মঙ্গলবার শুনানি শেষে চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ আবদুল কাদের এ আদেশ দেন।
আসামিরা হলেন ঈসা খাঁ ঘাঁটির সাবেক বলকিপার আবদুল মান্নান ও রমজান আলী।
গত বছরের ১৮ ডিসেম্বর নৌবাহিনীর ঈসা খাঁ ঘাঁটির ভেতরে দুটি মসজিদে জুমার নামাজের সময় ১০ মিনিটের ব্যবধানে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। দুটি হামলায় সামরিক-বেসামরিক লোকসহ ২৪ জন আহত হন। বোমা হামলার নয় মাস পর ৩ সেপ্টেম্বর চট্টগ্রাম নগরের ইপিজেড থানায় নেভাল প্রভোস্ট মার্শাল কমান্ডার এম আবু সাঈদ সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনে মামলা করেন।
মামলায় নৌবাহিনীর সাবেক সদস্য এম সাখাওয়াত হোসেন, ঈসা খাঁ ঘাঁটির সাবেক বলকিপার আবদুল মান্নান, রমজান আলী ও বাবলু রহমান ওরফে রনিকে আসামি করা হয়। অজ্ঞাতপরিচয় আসামি করা হয় আরও অনেককে। আসামিদের মধ্যে আবদুল মান্নান ও রমজান আলী চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আছেন। বাকি দুজন পলাতক। মামলাটি তদন্ত করছে ইপিজেড থানার পুলিশ।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী প্রথম আলোকে বলেন, দুই আসামিকে জিজ্ঞাসাবাদ করতে গত সোমবার ১০ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত প্রত্যেকের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন। তিনি জানান, দুই আসামির পক্ষে আদালতে কোনো আইনজীবী ছিলেন না।
মামলার তদন্ত কর্মকর্তা ও ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ গতকাল বিকেলে বলেন, দুই আসামিকে দুই দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁরা হামলার কথা স্বীকার করেছেন। হামলায় জড়িত অন্যদের নাম বললেও ঠিকানা বলেননি। তাই তাঁদের আবারও জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হয়। তিনি বলেন, রিমান্ড মঞ্জুর হওয়ায় আসামিদের জিজ্ঞাসাবাদ করতে কয়েক দিনের মধ্যে কারাগার থেকে আনা হবে।