রংপুরের বদরগঞ্জে শিশুসন্তানদের সামনে বাবাকে হাত-পা বেঁধে পেটানোর ঘটনায় গ্রেপ্তার হওয়া গ্রাম পুলিশের দুই সদস্য জামিন পেয়েছেন। এদিকে ওই ঘটনায় স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহিদুল হকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল শনিবার এলাকায় মিছিল করেছেন তাঁর লোকজন।
পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, মামলার আসামি গ্রাম পুলিশের সদস্য আবদুল মান্নান ও আবদুর রহিমকে গত শুক্রবার বিকেলে গ্রেপ্তারের পরপরই আদালতে পাঠায় পুলিশ। রংপুরের মুখ্য বিচারিক হাকিম আদালত থেকে তাঁরা জামিন পান।
মামলার অন্যতম আসামি ইউপি চেয়ারম্যান শহিদুল হকের লোকজন গতকাল স্থানীয় বৈরামপুর হাটে বিক্ষোভ মিছিল করেছেন। এ সময় তাঁরা চেয়ারম্যানের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান।
মামলার বাদী আবদুল গফুর অভিযোগ করেন, জামিনে বেরিয়ে এসে গ্রাম পুলিশের সদস্যরা গতকাল প্রকাশ্যে তাঁকে অকথ্য ভাষায় গালাগালসহ দেখে নেওয়ার হুমকি দিয়েছেন। তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার ছেলেটাকে বিনা অপরাধে হাত-পা বেঁধে মাটিতে ফেলে যারা মারল, তারা আদালতে যাওয়া মাত্র জামিন পেল। আর আমার ছেলেটা জেলেই থাকল।’
বদরগঞ্জ উপজেলার বৈরামপুর গফুরেরপাড়া গ্রামের আবদুল গফুরের ছেলে আমজাদ হোসেন কোরবানির জন্য স্থানীয় কাঁচাবাড়ি মৌলভীপাড়া গ্রামের ছহিরুল ইসলামের কাছ থেকে একটি গরু কেনেন। গত রোববার ইউপি চেয়ারম্যানের নির্দেশে গ্রাম পুলিশের সদস্যরা গরু কেনার বৈধ কাগজপত্র (হাসিল) না পেয়ে আমজাদ হোসেন ও গরু বিক্রেতা ছহিরুল ইসলামকে আটক করেন। এরপর দুজনকে বেঁধে বৈরামপুর উচ্চবিদ্যালয়ের মাঠে প্রকাশ্যে লাঠিপেটা করেন চেয়ারম্যান ও তাঁর লোকজন। এ সময় আমজাদের তিন শিশুকন্যা চোখের সামনে বাবাকে পেটাতে দেখে হাউমাউ করে কান্নাকাটি করলেও কারও মন গলেনি। প্রায় চার ঘণ্টা ধরে পেটানোর পর আমজাদ ও ছহিরুলকে পুলিশের হাতে তুলে দেন চেয়ারম্যান। পরে গরু চুরির অভিযোগে দায়ের করা মামলায় তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।