২ উপজেলার মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির কার্যক্রম স্থগিত
যশোরের চৌগাছা ও খুলনার ডুমুরিয়া উপজেলার মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ে গঠিত কমিটির কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। পৃথক দুটি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল রোববার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই স্থগিতাদেশ দেন।
চৌগাছার এক মুক্তিযোদ্ধা এবং ডুমুরিয়া উপজেলার দুই মুক্তিযোদ্ধা গত সপ্তাহে রিট দুটি করেন। আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী এম হুমায়ূন কবির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।
এম হুমায়ূন কবির পরে প্রথম আলোকে বলেন, দুটি উপজেলায় গঠিত কমিটিতে থাকা সভাপতি সংশ্লিষ্ট দুই উপজেলার তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা নন। অথচ নির্দেশিকা অনুসারে মনোনীত সভাপতি বা সদস্য অবশ্যই সংশ্লিষ্ট উপজেলার মুক্তিযোদ্ধা হবেন বলে বলা আছে। চৌগাছা উপজেলার জন্য গঠিত কমিটির তিনজন সদস্যের বিরুদ্ধে ভুয়া মুক্তিযোদ্ধা বলে অভিযোগও রয়েছে। আর ডুমুরিয়া উপজেলার কমিটিতে গত বছরের ১২ জুলাই মারা গেছেন—এমন মুক্তিযোদ্ধাকে সদস্য হিসেবে রাখা হয়েছে। এসব যুক্তিতে রিটটি করা হলে আদালত রুলসহ স্থগিতাদেশ দেন।
রুলে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ের জন্য চৌগাছা ও ডুমুরিয়া উপজেলার জন্য গঠিত কমিটি কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা আলাদাভাবে জানতে চাওয়া হয়েছে।