২ এপ্রিল পর্যন্ত অবস্থান ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেদখল হওয়া ১০টি হল উদ্ধার, নতুন হল নির্মাণ, ক্যাম্পাস থেকে বাংলাদেশ ব্যাংকের সদরঘাট শাখা স্থানান্তরসহ বিভিন্ন দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে গতকাল রোববার অবস্থান ধর্মঘট পালন করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
এদিকে দাবি আদায়ে আজ সোমবার থেকে আগামী ২ এপ্রিল পর্যন্ত সকাল নয়টা থেকে বেলা ১১টা পর্যন্ত ক্যাম্পাসের প্রধান ফটকে অবস্থান ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছে বেদখল হওয়া হল উদ্ধার সংগ্রাম পরিষদ।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা লাগিয়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। এতে করে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী ছাড়া অন্য কেউ ক্যাম্পাসে ঢুকতে পারেননি। সকাল নয়টার দিকে বাহাদুর শাহ পার্ক এলাকায় পৃথক স্থানে টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে সদরঘাট থেকে রায় সাহেব বাজার মোড় সড়কে বেলা সাড়ে ১১টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকে।
কর্মসূচি শেষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে হল উদ্ধার সংগ্রাম পরিষদের আহ্বায়ক ও শাখা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের বেদখল হওয়া হল উদ্ধার ও নতুন হল নির্মাণে শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত কমিটি আগামী বুধবার একটি প্রতিবেদন জমা দেবে।
একই সময়ে বিশ্ববিদ্যালয়ের হল উদ্ধার সংগ্রাম পরিষদের ভারপ্রাপ্ত সদস্যসচিব ও শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম আই শিশির বলেন, দাবি আদায়ে প্রায় দেড় মাস ধরে লাগাতার আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা।