২ ও ৩ অক্টোবরের বাসের টিকিট উধাও!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। বাস কাউন্টারের সামনে লাইনে দাঁড়িয়েছেন টিকিট পেতে ইচ্ছুক মানুষেরা। ছবিটি আজ রাজধানীর গাবতলী বাসস্ট্যান্ড থেকে তোলা। ছবি: সাহাদাত পারভেজ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। বাস কাউন্টারের সামনে লাইনে দাঁড়িয়েছেন টিকিট পেতে ইচ্ছুক মানুষেরা। ছবিটি আজ রাজধানীর গাবতলী বাসস্ট্যান্ড থেকে তোলা। ছবি: সাহাদাত পারভেজ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাসের টিকিট বিক্রি শুরু হয়েছে আজ সোমবার সকাল সাতটায়। এর ঘণ্টা খানেক পরই বিভিন্ন কোম্পানির কাউন্টার থেকে বলা হয়, ২ ও ৩ অক্টোবরের টিকিট নেই। অথচ তখন পর্যন্ত কোনো কাউন্টারে টিকিটের জন্য তেমন যাত্রী ছিলেন না।

আজ সোমবার কল্যাণপুর, মাজাররোড ও গাবতলী এলাকায় গিয়ে এই চিত্র দেখা যায়। যেসব যাত্রী তখন সেখানে ছিলেন এবং যাঁরা কিছু সময় পরে এসেছেন, তাঁদের ভাষ্য, ঈদে ঘরমুখো মানুষের কাছে সবচেয়ে বেশি চাহিদা ওই দুই দিনের টিকিটের। তাই পরে বেশি দামে এসব টিকিট বিক্রির লক্ষ্যে এখন সেগুলো বিক্রি করা হচ্ছে না।

অবশ্য টিকিটের দাম আজও অন্যান্য সময়ের তুলনায় বেশি রাখা হয়। টিকিট কাটার পর কয়েকজন যাত্রীর দেওয়া ভাষ্য, কোম্পানি ও বাসের সময়ভেদে প্রতি টিকিটে ৫০ থেকে ১০০ টাকা করে বেশি নেওয়া হয়েছে। এ জন্য তাঁদের কোনো অভিযোগ নেই। কারণ তাঁরা মনে করেন, এটাই এখন নিয়ম হয়ে গেছে।

এ ব্যাপারে বিভিন্ন বাস কোম্পানির কাউন্টারে কর্মরত ব্যক্তিদের বক্তব্য আগের চেয়ে ভিন্ন কিছু নয়। তাঁরা বলেন, অন্য সময় সরকার কর্তৃক নির্ধারিত দামের চেয়ে টিকিটের দাম কিছুটা কম নেওয়া হয়। ঈদের সময় নেওয়া হয় সঠিক দাম। কারণ চাহিদা অনেক বেশি থাকে।

অবশ্য আজ কোনো কোম্পানির কাউন্টারেই টিকিটপ্রার্থীদের তেমন ভিড় দেখা যায়নি। এ ব্যাপারে নাবিল পরিবহনের মহাব্যবস্থাপক আনিসুর রহমান বলেন, ‘এবার প্রতিটি কোম্পানি অনলাইনে অনেক টিকিট ছেড়েছে। যাত্রীরা ঘরে বসেই তা কিনতে পারেবন। তা ছাড়া এখন মাসের মাঝামাঝি। বেতন-বোনাসও এখন পর্যন্ত কেউ পাননি। তাই ভিড় কম।’

ভিড় কম ছিল ফকিরাপুল-আরামবাগের কাউন্টারগুলোতেও। সেখানে এস আলম কোম্পানির কাউন্টার থেকে ২০ তারিখের পর টিকিট ছাড়ার কথা বলা হয়েছে। হানিফ ও টিআর পরিবহনের এসি বাসের টিকিট কাল মঙ্গলবার থেকে দেওয়া হবে বলে জানানো হয়। তাদের নন-এসি বাসের টিকিট অবশ্য আজ থেকে দেওয়া হচ্ছে। এ ছাড়া ​গ্রিন লাইন, সোহাগ, ইউনিক—এসব কোম্পানির টিকিট আজ থেকে পাওয়া যাচ্ছে।

ঈদুল আজহা উপলক্ষে প্রতিটি কোম্পানি আজ আগামী ১ অক্টোবরের বাসের টিকিট বিক্রি শুরু করেছে। যাত্রীদের তেমন ভিড় না থাকায় অন্যান্য দিনের টিকিটও কোনো কোনো কোম্পানি বিক্রি করছে।