ভেজাল প্যারাসিটামল সেবনে ২৮ শিশুমৃত্যুর ঘটনায় করা মামলা পরিচালনায় ‘অদক্ষতা ও অযোগ্যতার’ কারণে ঔষধ প্রশাসন অধিদপ্তরের দুই কর্মকর্তার বিষয়ে তদন্ত প্রতিবেদনের আলোকে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানাতে বলেছেন হাইকোর্ট। স্বাস্থ্যসচিব ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালককে ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন আকারে তা জানাতে বলা হয়েছে।
বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক সম্পূরক আবেদনের শুনানি নিয়ে আজ বৃহস্পতিবার এ আদেশ দেন। দুই কর্মকর্তা হলেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক শফিকুল ইসলাম ও উপপরিচালক আলতাফ হোসেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যার্টনি জেনারেল অমিত তালুকদার।
মনজিল মোরসেদ প্রথম আলোকে বলেন, ২৮ শিশুমৃত্যুর ঘটনায় করা মামলায় বিচারিক আদালতের রায়ে ওই দুই কর্মকর্তার অদক্ষতা ও অযোগ্যতা প্রমাণিত হয়। এ সত্ত্বেও তাঁরা বর্তমানে গুরুত্বপূর্ণ পদে আছেন। এক সম্পূরক আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট গত ১৬ মার্চ ওই দুজনের অদক্ষতা ও অযোগ্যতা বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানাতে চেয়ছিলেন। এরপর মন্ত্রণালয়ের পক্ষ ১১ জুলাই একটি প্রতিবেদন দাখিল করা হয়। পাঁচ সদস্যের কমিটির প্রতিবেদেন ওই দুই কর্মকর্তার অবেহলা দেখা যায়। এ অবস্থায় তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিতে আরেকটি আবেদন দাখিল করা হয়। শুনানি নিয়ে আদালত ওই তদন্ত প্রতিবেদনের আলোকে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা ৭২ ঘণ্টার মধ্যে জানাতে নির্দেশ দিয়েছেন।
২০০৯ সালের জুন থেকে আগস্ট পর্যন্ত রিড ফার্মার ভেজাল প্যারাসিটামল সিরাপ সেবন করে সারা দেশে ২৮টি শিশু মারা যায়। এ ঘটনায় ঔষধ প্রশাসন অধিদপ্তরের তৎকালীন তত্ত্বাবধায়ক মো. শফিকুল ইসলাম ঢাকার ড্রাগ আদালতে ওষুধ কোম্পানিটির মালিকসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন। ২০১৬ সালের ২৮ নভেম্বর আদালত রিড ফার্মাসিউটিক্যালসের মালিকসহ পাঁচ কর্মকর্তাকে বেকসুর খালাস দেন। রায়ে বলা হয়, ১৯৪০ সালের ড্রাগ আইনের ২৩ ও ২৫ ধারা প্রতিপালন করে যথাযথ ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে তৎকালীন ওষুধ তত্ত্বাবধায়ক শফিকুল ইসলাম ও মো. আলতাফ হোসেন চরম অবহেলা, অযোগ্যতা ও অদক্ষতার পরিচয় দিয়েছেন। এই অভিমতের পর তাঁদের দায়িত্ব চালিয়ে যাওয়ার বৈধতা নিয়ে গত ১৬ মার্চ সম্পূরক আবেদনটি করেন মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন (এইচআরপিবি)। ভেজাল ওষুধ উৎপাদন বন্ধে নির্দেশনা চেয়ে ২০১০ সালে হাইকোর্টে রিট করে সংগঠনটি। এর পরিপ্রেক্ষিতে ওই সম্পূরক আবেদনটি করা হয়।