
আসন্ন কোরবানির ঈদেও চার জেলার মানুষের ভোগান্তির কারণ হতে পারে ময়মনসিংহ-শম্ভুগঞ্জ দুই কিলোমিটার দৈর্ঘ্যের সড়কটি। সড়কটির বেহাল দশা ও সংস্কারকাজ চলায় এই ভোগান্তির শঙ্কা দেখা দিয়েছে। দুই বছর ধরে সড়কটির বেহাল দশার পর চলতি বছরের জুনে নতুন করে সংস্কারকাজ শুরু হয়।
এই সড়ক দিয়েই ময়মনসিংহের বিভিন্ন উপজেলা, শেরপুর, নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলায় যেতে হয়। সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অধীন ওই সড়কের বেহাল দশা ছিল রোজার মাসজুড়ে। ওই সময় সওজের পক্ষ থেকে বলা হয়, কোরবানির ঈদের আগে সংস্কারকাজ সমাপ্ত হয়ে যাবে। তখন আর ভোগান্তি থাকবে না।
ময়মনসিংহ ট্রাফিক বিভাগ ও পরিবহনশ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, শহরের পাটগুদাম এলাকায় ব্রহ্মপুত্র নদের ওপর বাংলাদেশ-চীন মৈত্রী সেতু থেকে শম্ভুগঞ্জ বাজার পর্যন্ত দুই কিলোমিটার সড়ক বেহাল থাকায় গত রোজার ঈদের আগে ও পরে ১৫ দিন চরম ভোগান্তির সৃষ্টি হয়। ঈদে যানবাহনের সংখ্যা বেশি হওয়ায় ধীর গতির সঙ্গে ছিল অসহনীয় যানজট। ঈদের পর সড়কটির সংস্কারকাজ শুরু হলেও তাতে খুব ধীর গতি ছিল। সংস্কার কাজের জন্য সড়কের চরকালীবাড়ি ও শম্ভুগঞ্জ মোড়ে যানজটের শঙ্কা আরও বেড়েছে।
গত শুক্রবার সরেজমিনে দেখা যায়, সড়কটির চরকালীবাড়ি এলাকায় আনুমানিক ১০০ মিটার অংশের এক পাশে নতুন করে সংস্কারকাজ হয়েছে। সড়কের বাকি অংশ খানাখন্দে ভরা। কাদায় পিচ্ছিল সড়কে বাস, ট্রাক ও ইজিবাইক হেলেদুলে চলছে। শম্ভুগঞ্জ মোড়ে সড়কে বড় বড় খানাখন্দ। সেসব খানাখন্দে পানি জমে আছে।
ময়মনসিংহ থেকে শেরপুরগামী একটি বাসের চালকের সহকারী বলেন, এমনিতেই এই সড়ক দিয়ে চলাচল করা যায় না। ঈদ এলে বাসের চাপ বাড়লে যানজটের কারণে মানুষকে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হবে।
ময়মনসিংহ ট্রাফিক বিভাগ জানায়, ময়মনসিংহ-শম্ভুগঞ্জ সড়কটি দিয়ে চার জেলার কয়েক লাখ মানুষ ঈদে বাড়ি যায়। আগামী দু-তিন দিনের মধ্যেই মানুষ বাড়ি ফিরতে শুরু করবে। তখন যানবাহনের সংখ্যা স্বাভাবিক সময়ের চেয়ে চার গুণ বেড়ে যায়। ওই অবস্থা সামাল দেওয়া কঠিন হয়ে পড়ে। ঘণ্টার পর ঘণ্টা মানুষকে যানজটে আটকে থেকে ভোগান্তি পোহাতে হয়। সড়কটি স্বাভাবিক থাকলে এই অবস্থার সৃষ্টি হতো না।
সওজ ময়মনসিংহ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মাসুদ খান বলেন, দুই কিলোমিটার সড়কটি নতুন করে নির্মাণের কাজ জুন মাসেই শুরু হয়। রোজার ঈদের কারণে বন্ধ থাকার পর আবারও শুরু হয়। সড়ক চালু রেখে নতুন করে সংস্কারকাজ করলে সময় একটু বেশিই লাগে। ঈদ সামনে রেখে মানুষের ভোগান্তি যাতে সহনীয় পর্যায়ে থাকে, তাঁরা সে চেষ্টা করছেন।