২ কোটি টাকার আধুনিক সিগন্যালিং ব্যবস্থা কাজে আসছে না!
সিলেট-ঢাকা-চট্টগ্রাম রেলপথের মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও এবং ভাটেরা রেলস্টেশনে দুই কোটি টাকা ব্যয়ে স্থাপিত কম্পিউটার-নিয়ন্ত্রিত ইন্টারলকিং সাংকেতিক (সিগন্যালিং) ব্যবস্থা লোকবলের অভাবে কোনো কাজে আসছে না। এ অবস্থায় টিলাগাঁওয়ের আগে-পিছনের কমলগঞ্জ উপজেলার শমসেরনগর ও কুলাউড়ার লংলা এবং ভাটেরার আগে-পিছনের কুলাউড়ার বরমচাল ও সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও রেলস্টেশনের মধ্যে ‘পেপার লাইন ক্লিয়ারিং’ সিগন্যালের (কাগজে হাতে লিখা সংকেত) মাধ্যমে দীর্ঘদিন ধরে বিধিবহির্ভূতভাবে ঝুঁকি নিয়ে ট্রেন চলাচল করছে। এ ছাড়া সময়ের অপচয়ের কারণে ট্রেনযাত্রীদের নিয়মিত দুর্ভোগ পোহাতে হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রেলওয়ে কর্তৃপক্ষ ২০০৭ সালের জুন মাসে প্রায় এক কোটি টাকা ব্যয়ে টিলাগাঁও ও ভাটেরা রেলস্টেশনে কম্পিউটার-নিয়ন্ত্রিত ইন্টারলকিং সিগন্যালিং ব্যবস্থা স্থাপন করে। লোকবলের অভাবে কর্তৃপক্ষ ২০০৯ সালের এপ্রিল মাসে টিলাগাঁও এবং মে মাসে ভাটেরা স্টেশনের কার্যক্রম বন্ধ করে দেয়। সিলেট-ঢাকা-চট্টগ্রাম রেলপথে প্রতিদিন ১৯টি লোকাল, মেইল ও আন্তনগর ট্রেন চলাচল করে।সূত্র জানায়, শমসেরনগর থেকে লংলা স্টেশনের দূরত্ব ১৫ কিলোমিটার। ট্রেনে যেতে সময় লাগে ২০-২৫ মিনিট। আর বরমচাল থেকে মাইজগাঁও রেলস্টেশনের দূরত্ব ১৭ কিলোমিটার। ট্রেনে সময় লাগে ৩০-৩৫ মিনিট। বর্তমানে শমসেরনগর, লংলা, বরমচাল ও মাইজগাঁও রেলস্টেশনে ট্রেন পৌঁছালে সংশ্লিষ্ট স্টেশনমাস্টার একে অন্যের কাছ থেকে ফোনে একটি গোপন সংখ্যা জেনে নির্দিষ্ট ফরমে এটিকে সংকেত হিসেবে লিখেন। এরপর সতর্কতা-সংক্রান্ত আরেকটি বার্তা এর সঙ্গে যুক্ত করে চালকের হাতে তুলে দিলে ট্রেনটি মাঝখানের বন্ধ স্টেশনের পরেরটির উদ্দেশে রওনা দেয়। ওই ট্রেনটি নির্দিষ্ট স্টেশনে পৌঁছানোর আগ পর্যন্ত সেখানে অপেক্ষমাণ অন্য ট্রেনকে অপেক্ষা করতে হয়।একাধিক ট্রেনযাত্রী জানান, এই প্রক্রিয়ায় প্রতিটি স্টেশনে ঘণ্টা খানেক সময় ব্যয় হয়। যাত্রীরা তখন দুর্ভোগ পোহান।নাম প্রকাশ না করার শর্তে রেলওয়ের সংকেত বিভাগের এক কর্মকর্তার ভাষ্যমতে, ‘পেপার লাইন ক্লিয়ারিং’ ব্যবস্থাটি মূলত জরুরি কাজে ব্যবহার করা হয়। যান্ত্রিক সমস্যার কারণে কোনো স্টেশনের ইন্টারলকিং-ব্যবস্থা বিকল হয়ে পড়লে বিকল্প হিসেবে তা ব্যবহার হয়। তবে দীর্ঘদিন ব্যবহারের নিয়ম নেই। এ ছাড়া স্টেশনমাস্টাররা অনেক সময় বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন। ‘পেপার লাইন ক্লিয়ারিং’ দেওয়ার ক্ষেত্রে তাঁদের অনিচ্ছাকৃত ভুলে একই পথে দুটি ট্রেন ঢুকে পড়লে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।শমসেরনগর রেলস্টেশনের মাস্টার মো. শাহজাহান খান ও বরমচালের স্টেশনমাস্টার হাবিবুর রহমান সময়ের অপচয় এবং ঝুঁকির কথা স্বীকার প্রথম আলোকে জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিতে তাঁরা ‘পেপার লাইন ক্লিয়ারিং’ পদ্ধতি ব্যবহার করছেন।সিলেটের ছাতকবাজার থেকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলস্টেশন পর্যন্ত দায়িত্বে থাকা উপসহকারী প্রকৌশলী (সংকেত) হুমায়ূন কবীর গতকাল সোমবার বিকেলে প্রথম আলোকে জানান, ‘পেপার লাইন ক্লিয়ারিং’ পদ্ধতি দীর্ঘদিন ব্যবহারের নিয়ম নেই, এটা ঠিক। মাস্টারসহ প্রয়োজনীয় অন্যান্য লোকবলের অভাবে টিলাগাঁও ও ভাটেরা রেলস্টেশনের কার্যক্রম বন্ধ। তাই এই পদ্ধতিতে ট্রেন চালাতে হচ্ছে। বিষয়টি সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবগত বলে তিনি জানান।