২ কোটি ৩০ লাখ ডলার দিচ্ছে নেদারল্যান্ডস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের তৈরি পোশাক খাতের কর্মপরিবেশের উন্নয়নে দুই কোটি ৩০ লাখ মার্কিন ডলার দেবে নেদারল্যান্ডস। কানাডা ও যুক্তরাজ্যের অংশীদারিতে নেদারল্যান্ডসের এ অর্থায়ন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মাধ্যমে পাঁচ বছর মেয়াদে বাস্তবায়িত হবে। ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা মন্ত্রী লিলিয়েন প্লাউমেন ও আইএলওর মহাপরিচালক গাই রাইডার চুক্তিতে সই করেন।
জানতে চাইলে নিউইয়র্ক থেকে পররাষ্ট্রসচিব মো.শহীদুল হক গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে নেদারল্যান্ডসের মন্ত্রী লিলিয়েন প্লাউমেনের বৈঠকের পর চুক্তিটি সই হয়। নেদারল্যান্ডসের এ সহযোগিতা দেওয়া হবে কারখানার নিরাপত্তা ও শ্রমিক অধিকার রক্ষার বিকাশে। নতুন সহযোগিতার প্রক্রিয়ার বাস্তবায়ন আগামী ৯ অক্টোবর থেকে শুরু হবে।
পররাষ্ট্র সচিব জানান, পোশাক কারখানায় অগ্নিকাণ্ড ও কাঠামোগত নিরাপত্তা সুরক্ষার পাশাপাশি শ্রমিক অধিকার রক্ষায় এ পর্যন্ত নেওয়া সরকারের ভূমিকার প্রশংসা করেছেন নেদারল্যান্ডসের উন্নয়ন সহযোগিতা মন্ত্রী। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে পরিস্থিতির উন্নয়নে জাতীয় প্রতিষ্ঠানগুলোর সার্মথ্য বাড়ানোর বিষয়টি উল্লেখ করা হলে তাতে একমত পোষণ করে নেদারল্যান্ডস।
ন্যূনতম মজুরি নিয়ে পোশাক শ্রমিকদের চলমান অসন্তোষের বিষয়টিতে দৃষ্টি আকর্ষণ করা হলে পররাষ্ট্রসচিব বলেন, বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। আলোচনার মাধ্যমে এ বিষয়টি সুরাহার ব্যাপারে তাঁরা মত দেন।
নেদারল্যান্ডস পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বলা হয়েছে, বাংলাদেশকে দেওয়া দুই কোটি ৩০ লাখ মার্কিন ডলার পোশাকশিল্পের সঙ্গে যুক্ত নানা কার্যক্রমে ব্যয় হবে। এসব কার্যক্রমের মধ্যে রয়েছে কারখানার অগ্নিকাণ্ড ও কাঠামোগত নিরাপত্তা জোরদারের পাশাপাশি স্থানীয়ভাবে ট্রেড ইউনিয়ন কার্যক্রম শক্তিশালীকরণ। এ প্রক্রিয়ার অংশ হিসেবে কারখানা পরিদর্শনের বিষয়টিতে জোর দেওয়া হবে। এ ছাড়া কারখানায় দুর্ঘটনায় আহত ব্যক্তিদের পুনর্বাসনে প্রশিক্ষণের ব্যবস্থা করবে আইএলও। প্রশিক্ষণের মূল লক্ষ্য হবে শ্রমিকদের কাজে ফিরতে উপযোগী করে তোলা।
এদিকে আইএলওর ওয়েবসাইটে বলা হয়েছে, কর্মসূচিতে শ্রমিকদের পাশাপাশি তাঁদের পরিদর্শক ও ব্যবস্থাপকদের কর্মদক্ষতা বাড়াতে প্রশিক্ষণ দেওয়া হবে। কারখানার সহিংসতা রোধসহ নিরাপত্তা নিশ্চিত করতে তাঁদের সামর্থ্য বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হবে।
চুক্তি সইয়ের আগে লিলিয়েন প্লাউমেন আশা প্রকাশ করেন, খুব শিগগিরই বাংলাদেশের কারখানায় কর্মপরিবেশের উন্নতি হবে। বাংলাদেশের পোশাকশিল্পের সমস্যা দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য লিলিয়েন প্লাউমেনকে ধন্যবাদ জানান দীপু মনি।