২ জুন পবিত্র শবে বরাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

আগামী ২ জুন মঙ্গলবার দিবাগত রাতে পবিত্র শবে বরাত। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। খবর বাসস ও ইউএনবির।
সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ও জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্যসচিব সামীম মোহাম্মদ আফজাল। তিনি জানান, বাংলাদেশের আকাশে গতকাল ১৪৩৬ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আজ বুধবার থেকে শাবান মাস গণনা শুরু হবে। সে হিসাবে আগামী ২ জুন মঙ্গলবার দিবাগত রাতে পবিত্র শবে বরাত।
ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র শাবান মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে সভায় পর্যালোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয়।