২ জেলায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার দেবহাটা ও ঝালকাঠির রাজাপুরে গতকাল মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন চিংড়ি ব্যবসায়ী হামিদুর ইসলাম ও একটি বেসরকারি প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি রাসেল হোসেন মাঝি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেল পাঁচটার দিকে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের দেবহাটা উপজেলার আশকরপুর হাজি মোড়ে পিকআপ ভ্যানের চাপায় হামিদুর (৩২) মারা যান। তাঁর বাড়ি একই উপজেলার আশকরপুরে। বাড়ি থেকে বেরিয়ে তাঁর আট বছরের ছেলে শাহাবুদ্দিনকে নিয়ে সাতক্ষীরার দিকে যাচ্ছিলেন। প্রায় ২০০ গজ যাওয়ার পর বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যান চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
এ ঘটনায় তাঁর ছেলে শাহাবুদ্দিন আহত হয়। তাকে নলতা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান দুর্ঘটনায় হতাহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে ঝালকাঠির রাজাপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত রাসেল (২৮) প্রাণ কোম্পানির বিক্রয় প্রতিনিধি। তাঁর বাড়ি পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সোহাগদল গ্রামে। গতকাল দুপুরে রাসেল কাভার্ড ভ্যানে প্রাণের পণ্য নিয়ে কাউখালীর শিয়ালকাঠি চৌরাস্তা থেকে রাজাপুরের নৈকাঠি বাজারে যাচ্ছিলেন।
দুপুর ১২টার দিকে সাতুরিয়া বেইলি সেতুর ভাঙা প্লেটে কাভার্ড ভ্যানের চাকা আটকে যায়। এ সময় ভ্যানটির ওপরে বসে থাকা রাসেল ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।
স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে রাসেলকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ দুর্ঘটনায় কাভার্ড ভ্যানের চালক আমান উল্লাহ (২৫) আহত হয়েছেন।
রাজাপুর থানার ওসি মুনীর উল গীয়াস দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।