২ থেকে ৪ মে সারা দেশে ১৪ দলের বিক্ষোভ সমাবেশ
বিএনপি-জামায়াতের কর্মসূচির প্রতিবাদে আগামী ২, ৩ ও ৪ মে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ সমাবেশ করবে ১৪ দল। এর আগে ১৮ এপ্রিল ১৪ দল দেশের নারীনেত্রীদের সঙ্গে মতবিনিময় করবে। গতকাল সোমবার ১৪ দলের সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের এই সভা হয়। সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ নাসিম। সভা শেষে তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে জনমত তৈরি এবং বিএনপি-জামায়াতসহ স্বাধীনতাবিরোধী শক্তির নৈরাজ্য ও তাণ্ডবের প্রতিবাদে নতুন এই কর্মসূচি নেওয়া হয়েছে। হেফাজতে ইসলাম বাংলাদেশের ১৩ দফা মানা না হলে তারা দেশ অচল করে দেওয়ার যে হুমকি দিয়েছে, তা সরকার দক্ষতার সঙ্গে মোকাবিলা করবে।নাসিম বলেন, গত কয়েক দিনে বিএনপির নেতাদের কেউ কেউ বলেছেন, আরও সহিংসতা হবে। আগে কখনো এমনটা হয়নি। তবে হত্যা ও নৈরাজ্য যা-ই ঘটুক না কেন, এর দায় বিএনপি-জামায়াতকেই নিতে হবে। যেসব সহিংস ঘটনা ঘটেছে, তার দায়ও বিএনপি-জামায়াতকে নিতে হবে।সভা শেষে ওয়ার্কার্স পার্টির সভাপতি সাংসদ রাশেদ খান মেনন ও জাসদের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া প্রথম আলোকে জানান, সভায় ১৪ দলের শরিক নেতারা দেশের চলমান রাজনৈতিক সংকটের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের দাবি জানিয়েছেন। তাঁরা বলেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক ছাড়া চলমান সংকট নিরসনের উপায় নির্ধারণ করা কঠিন হবে। জবাবে মোহাম্মদ নাসিম শিগগির এ বৈঠক আয়োজনের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।সভায় ১৪ দলের নেতাদের মধ্যে রাশেদ খান মেনন, আবদুস সামাদ, শরীফ নুরুল আম্বিয়া, নুরুর রহমান সেলিম, জাকির হোসেন, এস কে সিকদার, ওয়াজেদুল ইসলাম খান, অসীত বরণ রায়, মাহবুব উল আলম হানিফ, ফজলে হোসেন বাদশা, লুৎফর রহমান, শাহাদাৎ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।