২ থেকে ৫ জানুয়ারি ঢাকায় হজমেলা
ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আগামী ২ জানুয়ারি শুরু হচ্ছে অষ্টম হজ ও ওমরাহ মেলা-২০১৫। চলবে ৫ জানুয়ারি পর্যন্ত।¯হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এই মেলার আয়োজন করেছে। ঢাকার মেলা শেষে চট্টগ্রাম ও সিলেটেও এই মেলা হবে।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) গতকাল মঙ্গলবার সকালে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান হাবের সভাপতি ইব্রাহিম বাহার। তিনি বলেন, আগামী বছরের ২২ সেপ্টেম্বর পবিত্র হজ হওয়ার সম্ভাবনা রয়েছে। ২০১৫ সালে বেসরকারি ব্যবস্থাপনায় ৯১ হাজার ৭৫৮ জন হজযাত্রী পাঠানোর লক্ষ৵ নির্ধারণ করা হয়েছে। হজ এজেন্সিগুলোর সঙ্গে হজে যেতে ইচ্ছুকদের সেতুবন্ধন রচনা করতেই এই মেলা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এ বছর বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ হবে দুই লাখ ৯৬ হাজার ২০৬ টাকা। ১৫ ডিসেম্বর থেকে হজে যেতে ইচ্ছুকদের নাম নিবন্ধন শুরু হয়েছে। নিবন্ধনের শেষ তারিখ ৫ ফেব্রুয়ারি।
সংবাদ সম্মেলনে ইব্রাহিম বাহার বলেন, ‘সরকারের কাছে আমাদের দাবি শুধু মোয়াল্লেম ফি হিসেবে ৩০ হাজার টাকা দিয়েই যেন নিবন্ধনের সুযোগ রাখা হয়। কারণ এই মূহূর্তে এক লাখ ২০ হাজার টাকা বিমান ভাড়া নেওয়ার প্রয়োজন নেই।’
সংবাদ সম্মেলনে হাবের নেতারা বলেন, সরকার এবারও বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনসের মাধ্যমে হজযাত্রী পরিবহন করবে। কিন্তু এই দুটির বাইরে সব উড়োজাহাজ উন্মুক্ত করে দিলে টিকিট নিয়ে সমস্যা দূর হবে।
মেলার আয়োজকেরা জানান, ২ জানুয়ারি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান মেলার উদ্বোধন করবেন। ৫ জানুয়ারি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন। প্রতিদিন সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত¯মেলা চলবে।
হাবের সহসভাপতি আফতাবউদ্দিন চৌধুরী, মহাসচিব শেখ আবদুল্লাহ, যুগ্ম মহাসচিব ফরিদ আহমেদসহ সংগঠনের কার্যনির্বাহী কমিটির অন্য নেতারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।