২ নভেম্বর থেকে বাংলাদেশ বইমেলা

কলকাতায় আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী বাংলাদেশ বইমেলা। অষ্টমবারের মতো আয়োজিত এই মেলা চলবে ১১ নভেম্বর পর্যন্ত। এবারও মেলা বসবে রবীন্দ্রসদনের কাছে অবস্থিত মোহরকুঞ্জ প্রাঙ্গণে।
কলকাতার বাংলাদেশ উপহাইকমিশনের ব্যবস্থাপনায় এই মেলার আয়োজন করেছে বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি। এর সহযোগিতায় আছে বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো। এবারের মেলায় বাংলাদেশের ৬৯টি প্রকাশনা সংস্থা অংশ নেবে। প্রতিদিন বেলা ২টা থেকে রাত ৮টা পর্যন্ত এই মেলা চলবে। এরমধ্যে শনি ও রোববার চলবে রাত সাড়ে ৮টা পর্যন্ত।
এসব তথ্য জানাতে বুধবার বিকেলে সংবাদ সম্মেলন করে কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন। উপহাইকমিশনার তৌফিক হাসান মেলার বিভিন্ন দিক নিয়ে কথা বলেন। এ সময় বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ ও উপহাইকমিশনের প্রথম সচিব (প্রেস) মোফাখখারুল ইকবাল উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রধান অতিথি হিসেবে এ বছরের বইমেলা উদ্বোধন করবেন বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এতে সম্মানিত অতিথি থাকবেন পশ্চিমবঙ্গের বিদ্যুৎমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান ও কলকাতা পৌর করপোরেশনের মেয়র পারিষদ দেবাশীষ কুমার। বিশেষ অতিথি হিসেবে থাকবেন অধ্যাপক রতন সিদ্দিকী, পাবলিশার্স ও বুক সেলার্স গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিপ চট্টোপাধ্যায়। সভাপতিত্ব করবেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার তৌফিক হাসান। শুভেচ্ছা বক্তব্য দেবেন বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ।
অন্যান্য আয়োজনের মধ্যে প্রতিদিন বইমেলায় থাকবে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। ১০ দিনব্যাপী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন দুই দেশের বিশিষ্টজন ও শিল্পীরা। এঁদের মধ্যে থাকবেন অধ্যাপক আবদুল্লাহ আবু সাইয়িদ, অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম, ইতিহাসবিদ মুনতাসীর মামুন, কথাসাহিত্যিক মইনুল আহসান সাবের, শিশুসাহিত্যিক আলী ইমাম, কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, কবি কামাল চৌধুরী, মারফুল ইসলাম, তুষার দাশ, ছড়াকার আসলাম সানি, শ ম শামসুল আলম, তারিক সুজাত, সুবাস সিংহ রায়, আমীরুল ইসলাম, তুষার আবদুল্লাহ, আবুল হাসনাত প্রমুখ। পশ্চিমবঙ্গ থেকে আলোচনায় অংশ নেবেন অধ্যাপক পবিত্র সরকার, সাহিত্যিক সমরেশ মজুমদার, অধ্যাপক ইমানুল হক, জাতীয় অধ্যাপক জয়ন্ত কুমার রায়, স্বপন বসু প্রমুখ। সংগীতানুষ্ঠানে বাংলাদেশ থেকে যোগ দেবেন শিল্পী ফাতেমা তুজ জোহরা, লিলি ইসলাম, তানজিনা তমা, অনিমা রায়, নাহিদ নাজিয়া প্রমুখ। এতে কলকাতার শিল্পীরাও অংশ নেবেন। ৫ নভেম্বর বইমেলায় উদ্যাপিত হবে শিশু দিবস।
প্রসঙ্গত, ২০১৬ সালে এই মেলা শুরু হয়েছিল ১ সেপ্টেম্বর থেকে। মেলার আসর বসেছিল কলকাতার রবীন্দ্রসদন চত্বরে। গত বছর থেকে এই মেলার আসর বসছে মোহরকুঞ্জ প্রাঙ্গণে। গত বছর এই মেলা শুরু হয়েছিল ১৫ নভেম্বর থেকে।