নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের উপনির্বাচন কাল শনিবার ২৩ আগস্ট অনুষ্ঠিত হবে। প্রার্থীরা পরস্পরের বিরুদ্ধে প্রভাব বিস্তারের পাল্টাপাল্টি অভিযোগ করেছেন। নির্বাচন কমিশন সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি শেষ করেছে।
গত ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহরণের পর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলামসহ সাতজনকে খুন করা হয়। নজরুল নিহত হওয়ায় নির্বাচন কমিশন ২ নম্বর ওয়ার্ড শূন্য ঘোষণা করে। নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের মিজমিজি, পাইনাদী, মৌচাক, নতুন মহল্লা, আব্দুল আলী পুল, হীরাঝিল, মুজিববাগ, মিতালী মার্কেট এলাকা নিয়ে ২ নম্বর ওয়ার্ড গঠিত। এই ওয়ার্ডের মোট ভোটার ১৬ হাজার ৭২৯ জন। মোট কেন্দ্র আটটি। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিন প্রার্থী। এঁরা হলের প্রয়াত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন এবং মাসুদ রানা।
নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম অভিযোগ করেন, তাঁর স্বামীর অসমাপ্ত কাজ (এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, সন্ত্রাস, মাদকসহ সব সমস্যা) শেষ করার জন্য এলাকাবাসীর দাবির মুখে তিনি প্রার্থী হয়েছেন। তিনি অভিযোগ করেন, তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইকবাল হোসেন নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। তাঁর লোকজনকে হুমকি-ধমকি দিচ্ছেন। ইকবাল ভোট গ্রহণের দিন কেন্দ্র দখল ও প্রভাব বিস্তারের চেষ্টা করতে পারেন বলে তিনি জেলা পুলিশ সুপারকে লিখিত অভিযোগ করেছেন।
ইকবাল হোসেন তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী সেলিনা ইসলাম ও তাঁর বাবা শহীদুল ইসলাম ওরফে শহীদ চেয়ারম্যান প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। নির্বাচনে সুষ্ঠু করার লক্ষ্যে সরকারের উচ্চপর্যায়ে থেকে বিজিবি, র্যাব ও পুলিশ মোতায়েনের দাবি জানান তিনি।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. তারিফুজ্জামান জানান, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে ভোটকেন্দ্রে বিজিবি, র্যাব ও পুলিশ মোতায়েন করা হবে। ইতিমধ্যে ভোট গ্রহণের জন্য প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।