২ নম্বর ফেরিঘাট চালু হয়নি, অন্যগুলোর অবস্থাও নাজুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মার ভাঙনে বন্ধ থাকা ২ নম্বর ফেরিঘাট চার দিনেও চালু করতে পারেনি কর্তৃপক্ষ। বাকি ঘাটগুলোর পরিস্থিতিও নাজুক।
এদিকে, ঘাটসংলগ্ন সিদ্দিক কাজীপাড়ার অবশিষ্ট ১৫-১৬টি পরিবারের বসতভিটা গতকাল বৃহস্পতিবার বিলীন হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সূত্র জানায়, ভাঙন অব্যাহত থাকায় রোববার রাতে বন্ধ হয়ে যায় দৌলতদিয়ার ২ নম্বর ফেরিঘাট। ভাঙন তীব্র আকার ধারণ করায় চার দিনেও সেটি চালু করা যায়নি। ১ ও ৩ নম্বর ঘাটেও ভাঙন অব্যাহত রয়েছে। ভাঙনে সংযোগ সড়ক মাঝেমধ্যে ভেঙে গেলে কর্তৃপক্ষ রেকার দিয়ে র্যা ম্প ওপরের দিকে টেনে চালু রাখছে। ২ ও ৩ নম্বর ঘাটের সংযোগ সড়ক ভেঙে যাওয়ায় পানির স্রোত গিয়ে পড়ছে ৪ নম্বর ঘাটে। এতে ঘাটটির সড়ক ও জনপথ বিভাগের (সওজ) সড়ক ভেঙে ক্রমান্বয়ে সংকুচিত হচ্ছে। যেকোনো মুহূর্তে সেটিও বন্ধের আশঙ্কা করছে কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিএ আরিচা কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী শাহ আলম জানান, ভাঙন ও স্রোতের কারণে ২ নম্বর ঘাট চালুর উদ্যোগ নেওয়া হয়নি। ১ ও ৩ নম্বর ঘাটের র্যা ম্প ওপরের দিকে টেনে চালু রাখা হচ্ছে। ৪ নম্বর ঘাট সচল রয়েছে।
গতকাল সকালে সরেজমিনে দেখা যায়, ২ ও ৩ নম্বর ঘাট এলাকায় ভাঙন অব্যাহত রয়েছে। বসতবাড়ি ও দোকানপাট সরিয়ে নেওয়া হচ্ছে। ভাঙনে অধিকাংশ সংযোগ সড়ক বিলীন হয়েছে। এখন ঘাটগুলো মূল সড়ক থেকে মাত্র ২০০-৩০০ ফুট দূরত্বে রয়েছে। ভাঙন ঠেকানো সম্ভব না হলে অচিরেই ঘাটগুলো মূল সড়কে আনতে হবে বলে স্থানীয় ব্যক্তিরা জানান।
এদিকে ৪ নম্বর ঘাটের পাইলিংয়ের ভেতর ঈদুল আজহার এক দিন আগে জিও ব্যাগ ফেলা হয়েছে। তীব্র স্রোতে তখনো ফেরি চলাচল স্বাভাবিক হয়নি। বুধবার সন্ধ্যা ছয়টার দিকে যানবাহন বোঝাই রো রো ফেরি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান দৌলতদিয়ার ৪ নম্বর ঘাটের কাছে এসে চরে আটকা পড়ে। পরে উদ্ধারকারী জাহাজ আইটি-৩৮৯ ফেরিটি উদ্ধার করে। তবে তারপরও সেটি ঘাটে ভিড়তে না পেরে পাটুরিয়ায় ফিরে যায়।
২ নম্বর ঘাটসংলগ্ন সিদ্দিক কাজীপাড়ার আদম আলী কাজী (৪৫) বলেন, ঈদের দিন ও গতকাল সকালে স্রোতের তোড়ে ১০০ গজেরও বেশি এলাকার মাটি ধসে যায়। দ্রুত ঘরবাড়ি ভেঙে পাশের বাইপাস (বিকল্প) সড়কের পাশে নিয়ে রাখেন ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা। কেউ কেউ নিয়ে রাখেন টার্মিনালে।
যোগাযোগ করলে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) রাজবাড়ীর উপবিভাগীয় প্রকৌশলী এস এম নুরন্নবী প্রথম আলোকে বলেন, ঈদের ছুটির কারণে দোকানপাট বন্ধ থাকায় জিও ব্যাগ আনা যায়নি। এখন সব খুলছে এবং শুক্রবারের মধ্যে এসে পৌঁছাবে। শনিবার থেকে বালুভর্তি জিও ব্যাগ ফেলা শুরু হবে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (মেরিন) আবদুস সাত্তার জানান, এই নৌপথে ছোট-বড় ১৯টি ফেরি ছিল। গতকাল সকালে রো রো ফেরি শাহ জালালের প্রপেলশান সিস্টেমে সমস্যার কারণে এটি ডক ইয়ার্ডে পাঠানো হয়েছে। বাকি ১৮টির মধ্যে গত ২২ মার্চ থেকে যান্ত্রিক ত্রুটির কারণে মাধবীলতা বন্ধ রয়েছে। এ ছাড়া রো রো ফেরি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ও হামিদুর রহমান স্রোতের বিপরীতে চলতে পারছে না। অন্য ১৫টি ফেরি চালু রয়েছে।