২ ফেব্রুয়ারি জেলায় ও ৬ ফেব্রুয়ারি উপজেলায় যুবলীগের মানববন্ধন
‘বিএনপির মদদে নির্বাচিত সরকার উৎখাতে জঙ্গিবাদী ষড়যন্ত্র’ প্রতিহত করার ঘোষণা দিয়ে আগামী ২ ফেব্রুয়ারি দেশের সব জেলায় এবং ৬ ফেব্রুয়ারি উপজেলা সদরে মানববন্ধন কর্মসূচি দিয়েছে যুবলীগ।গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধন থেকে এ কর্মসূচির ঘোষণা দেয় সংগঠনটি।গতকালের মানববন্ধন উপলক্ষে রাজধানীর বিভিন্ন ওয়ার্ডের যুবলীগের নেতা-কর্মীরা সকাল সাড়ে ১০টা থেকেই প্রেসক্লাবের আশপাশে জমায়েত হতে থাকেন। একপর্যায়ে মানববন্ধন একদিকে পল্টন মোড়, দৈনিক বাংলা মোড় হয়ে মতিঝিল শাপলা চত্বরে গিয়ে ঠেকে। আরেক দিকে সার্ক ফোয়ারা, মৎস্য ভবন ও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন হয়ে শাহবাগ পর্যন্ত মানববন্ধন বিস্তৃত হয়।মানববন্ধনে আসা নেতা-কর্মীরা বিএনপি-জামায়াত-সমর্থিত চার দলের বিরুদ্ধে নানা স্লোগান-সংবলিত ব্যানার-ফেস্টুন বহন করেন। যুবলীগের কেন্দ্রীয় নেতারা অবস্থান নেন প্রেসক্লাবের সামনে। তাঁরা অভিযোগ করেন, যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতে বিএনপিসহ চার দল মরিয়া। তারা নির্বাচিত সরকারকে উৎখাত করে অবৈধভাবে ক্ষমতা দখলের নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক সাংসদ মির্জা আজম, কেন্দ্রীয় নেতা হারুনুর রশীদ, মজিবুর রহমান চৌধুরী, আমজাদ হোসেন, ফজলুল হক প্রমুখ মানববন্ধনে বক্তৃতা করেন।