চট্টগ্রাম শ্রম আদালত আগামী ২ ফেব্রুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশনের সিবিএ নির্বাচন দেওয়ার আদেশ দিয়েছেন। গতকাল রোববার শ্রমসংক্রান্ত একটি মামলার রায় ঘোষণার সময় আদালত এই আদেশ দেন। তবে ওই তারিখে আদৌ নির্বাচন হবে কি না তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন সিটি করপোরেশনের দায়িত্বশীল কর্মকর্তারা। কারণ হিসেবে তাঁরা বলেছেন, নির্বাচনের জন্য যে পরিবেশ সৃষ্টি করা দরকার তা এখনো সম্ভব হয়নি। চট্টগ্রাম সিটি করপোরেশন শ্রমিক কর্মচারী লীগের (সিবিএ) সাধারণ সম্পাদক মোরশেদুল আলম চৌধুরী প্রথম আলোকে বলেন, সিবিএ নির্বাচনের বিরুদ্ধে জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন একটি মামলা করেছিল। আদালত ওই মামলার রায় ঘোষণার সময় আগামী ২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের আদেশ দেন। জানা যায়, প্রায় ১৭ বছর পর গত ১৫ সেপ্টেম্বর সিটি করপোরেশনের সিবিএ নির্বাচন ঘোষণা করা হয়। এ নিয়ে সব ধরনের প্রস্তুতিও সম্পন্ন হয়। কিন্তু ১৩ সেপ্টেম্বর এই নির্বাচনের বিরুদ্ধে শ্রম আদালতে মামলা করেন জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের জ্যেষ্ঠ সহসভাপতি আতিকুর রহমান। ওই মামলার পরিপ্রেক্ষিতে আদালত নির্বাচন স্থগিত করেন। নির্বাচনের নতুন দিনক্ষণ ঘোষণা সম্পর্কে মেয়র মোহাম্মদ মনজুর আলম বলেন, আদালতের আদেশের কপি এখনো পাইনি। নির্বাচন দিতে আমাদের কোনো সমস্যা নেই।