২ বছরে বেড়েছে শিশু অপুষ্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সূত্র: খাদ্য মন্ত্রণালয়
সূত্র: খাদ্য মন্ত্রণালয়

দেশের পুষ্টি পরিস্থিতি খারাপ হচ্ছে। দুই বছরে শিশু অপুষ্টির হার আরও বেড়েছে। ২০১১ সালে তীব্র অপুষ্টির শিকার শিশু ছিল ১৬ শতাংশ। ২০১৩ সালে তা বেড়ে দাঁড়ায় ১৮ শতাংশে।
জাতীয় খাদ্যনীতি কার্যপরিকল্পনা ও দেশি বিনিয়োগ পর্যবেক্ষণ প্রতিবেদনে এই তথ্য দেওয়া হয়েছে। খাদ্য মন্ত্রণালয় গত জুনে এই প্রতিবেদন প্রকাশ করেছে। ‘পর্যবেক্ষণ প্রতিবেদন ২০১৪’-েত বলা হয়েছে, অপুষ্ট মা, বেকার বা কম উপার্জনের বাবা-মা, কম পারিবারিক আয়, শিশুকে বুকের দুধ না খাওয়ানো, অপর্যাপ্ত পয়ঃব্যবস্থা, খাদ্য নিরাপত্তাহীনতা—এসব কারণে অপুষ্টির ঝুঁকি বেড়েছে। প্রাপ্তবয়স্কদের মধ্যেও অপুষ্টির প্রকোপ অনেক বেশি। প্রাপ্তবয়স্ক একজন বাংলাদেশি চাহিদার চেয়ে দৈনিক গড়ে ২৪০ কিলোক্যালরি শক্তি কম গ্রহণ করেন।
ধনী-গরিব উভয় শ্রেিণর মানুষের মধ্যেই এ সমস্যা প্রকট। খাদ্য মন্ত্রণালয়ের পর্যবেক্ষণ প্রতিবেদনে বলা হয়েছে, আশ্চর্যজনকভাবে সমাজের সবচেয়ে ধনিক শ্রেণির ১৫ দশমিক ৪ শতাংশ শিশু অপুষ্টিতে ভুগছে। আর সবচেয়ে দরিদ্র শ্রেণির ২১ দশমিক ১ শতাংশ শিশু অপুষ্টির শিকার।
ইউনিসেফের পুষ্টিবিদ মহসিন আলী বলেন, ত্রুটিপূর্ণ খাদ্যাভ্যাসের কারণে ধনিক শ্রেণিতে অপুষ্টি দেখা দেয়। পুষ্টি ঠিক রাখতে ঠিক সময় অন্তর বৈচিত্র্যপূর্ণ মানসম্পন্ন পর্যাপ্ত খাবার শিশুতে খাওয়াতে হয়। সচেতনতার অভাবে ধনিক পরিবারের অনেকে তা খাওয়ান না। আর দরিদ্ররা অর্থের অভাবে তা খাওয়াতে পারেন না।
পুষ্টিবিদ অধ্যাপক এম কিউ কে তালুকদার এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, পুষ্টি পরিস্থিতি উন্নতিতে মাঠপর্যায়ে কাজ নেই বললেই চলে। ১৯৯৬ সাল থেকে বাংলাদেশ জাতীয় পুষ্টি প্রকল্পও (বিআইএনপি) তারই ধারাবাহিকতায় ২০০৩ সাল থেকে জাতীয় পুষ্টি কার্যক্রম (এনএনপি) চালু ছিল ২০০৯ সাল পর্যন্ত। ১৬৭ উপজেলায় প্রায় ৪২ হাজার মাঠকর্মী পুষ্টি সেবা দিতেন। স্বাধীন মূল্যায়নে দেখা গেছে, এসব উপজেলায় পুষ্টি পরিস্থিতির উন্নতি হয়েছিল। কিন্তু সরকার মাঠপর্যায়ে পুষ্টি সেবা হঠাৎ বন্ধ করে দেয়। তিনি বলেন, ‘প্রশিক্ষণ ছাড়া মাঠপর্যায়ে সরকারের কার্যত কোনো পুষ্টি সেবা নেই। এটাই পুষ্টি পরিস্থিতি খারাপ হওয়ার অন্যতম কারণ।’
শিশু অপুষ্টি: ‘পর্যবেক্ষণ প্রতিবেদন ২০১৪’-তে বলা হয়েছে, ২০১১ সালে তীব্র অপুষ্টির শিকার (সিভিয়ার এক্যুইট ম্যালনিউট্রিশন) শিশু ছিল ৪ শতাংশ। ২০১৩ সালে তা বেড়ে ৪ দশমিক ৯ শতাংশে দাঁড়িয়েছে। অর্থাৎ দুই বছরে তীব্র অপুষ্টির শিকার শিশু প্রায় ১ শতাংশ বেড়েছে।
বাংলাদেশে পাঁচ বছরের কম বয়সী পাঁচজন শিশুর মধ্যে দুজনের উচ্চতা বয়সের তুলনায় কম। ১১ শতাংশ শিশু কৃশকায়। প্রায় পাঁচ লাখ শিশু মারাত্মক অপুষ্টির শিকার। পুষ্টিবিদেরা প্রায় দশক ধরে বলে আসছেন কিছু ক্ষেত্রে বাংলাদেশের পুষ্টি পরিস্থিতি ক্ষুধাপীড়িত আফ্রিকার কিছু দেশের চেয়েও খারাপ।
সরকারের জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক মো. শাহ নেওয়াজ প্রথম আলোকে বলেন, পরিসংখ্যান নিয়ে দ্বিমত থাকতে পারে। কিন্তু পুষ্টি পরিস্থিতি খারাপ হচ্ছে, এ তথ্য অস্বীকার করার উপায় নেই। ২০১১ সাল থেকে শুরু হওয়া জাতীয় পুষ্টি সেবার (এনএনএস) আওতায় সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল ও উপজেলা হাসপাতালের চিকিৎসক নার্স ও অন্য স্বাস্থ্যকর্মীদের পুষ্টি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণপ্রাপ্তরা ২৮৩টি প্রতিষ্ঠান থেকে পুষ্টি সেবা দিচ্ছেন। এই সেবা সারা দেশে দেওয়া সম্ভব হলে পরিস্থিতি পাল্টাবে বলে আশা করা যায়।
কিলোক্যালরির পার্থক্য: প্রতিবেদন বলছে, একজন বাংলাদেশির দৈনিক গড়ে দুই হাজার ৪৩০ কিলোক্যালরি শক্তি গ্রহণ করা উচিত। কিন্তু গ্রহণ করে দুই হাজার ১৯০ কিলোক্যালরি। দৈনিক শক্তি চাহিদা ও শক্তি প্রাপ্তির মধ্যে পার্থক্য (এনার্জি গ্যাপ) ২৪০ কিলোক্যালরি। তাতে আরও বলা হয়েছে, যে শক্তি মানুষ গ্রহণ করছে, তার ৭০ শতাংশ আসে ভাতজাতীয় খাদ্য থেকে। মাছ-মাংস ও ফল মানুষ প্রয়োজনের চেয়ে অনেক কম খায়।
পুষ্টিবিদ ও বাংলাদেশ নিউট্রিশন ফাউন্ডেশনের সভাপতি এস কে রায় বলেন, ক্যালরির অভাব থাকলে মানুষ অল্পেই ক্লান্ত হয়। মানুষ তার পূর্ণ সামর্থ্য দিয়ে কাজ করতে পারে না। বহুসংখ্যক মানুষের নিয়মিত ক্যালরির ঘাটতি থাকার অর্থ ব্যাপকভাবে আর্থিক ক্ষতি। তিনি আরও বলেন, খাদ্য তালিকায় ভাতের প্রাধান্য থাকায় মানুষের মধ্যে ডায়াবেটিসের মতো রোগের প্রকোপ বাড়ছে।
দেশের পুষ্টি পরিস্থিতি
বৈচিত্র্যপূর্ণ ও মানসম্পন্ন পর্যাপ্ত খাবার শিশুদের খাওয়ানো হচ্ছে না। ধনী পরিবারে সচেতনতার অভাব, দরিদ্র পরিবারে অর্থের অভাব
২০১১ সালে তীব্র অপুষ্টির শিকার শিশু ছিল ১৬%
২০১৩ সালে তা বেড়ে দাঁড়ায় ১৮%
পাঁচ বছরের কম বয়সী পাঁচজন শিশুর মধ্যে দুজনের উচ্চতা বয়সের তুলনায় কম

প্রাপ্তবয়স্ক একজনের পুষ্টির চাহিদা দৈনিক কিলোক্যালরি ২৪৩০ কিন্তু প্রাপ্তবয়স্ক একজন গ্রহণ করছেন গড়ে ২১৯০