২ বন্দীর মামলা ৩ মাসে শেষ করতে নির্দেশ
বিচার শেষ না হওয়া পৃথক মামলায় এক দশকের বেশি সময় ধরে কারাগারে থাকা দুই বন্দীর মামলা তিন মাসের মধ্যে শেষ করতে বিচারিক আদালতকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এর মধ্যে একটি হত্যা মামলায় কাইলা কালাম ২০০৪ সালের ১৫ এপ্রিল থেকে পাবনা কারাগারে আছেন। আর ২০০৫ সালের ১৮ অক্টোবর থেকে আরেক হত্যা মামলায় নাটোর জেলা কারাগারে আছেন আবদুল খালেক।
ময়মনসিংহ, রাজশাহী ও খুলনা (একাংশ) বিভাগের বিভিন্ন কারাগারে পৃথক মামলায় এক দশকের বেশি সময় ধরে কারাগারে বন্দী থাকার তথ্য ৫ ফেব্রুয়ারি হাইকোর্টের নজরে আনেন সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির প্যানেল আইনজীবী আনিচ উল মাওয়া। শুনানি নিয়ে ৭ ফেব্রুয়ারি হাইকোর্ট ১০ জনের জামিন প্রশ্নে রুল দেন। মামলার নথি তলবের পাশাপাশি পাঁচজনকে ২৬ ফেব্রুয়ারি ও অপর পাঁচজনকে ২৮ ফেব্রুয়ারি আদালতে হাজির করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়। এর ধারাবাহিকতায় পাঁচজনের মধ্যে আজ চারজনকে আদালতে হাজির করে কারা কর্তৃপক্ষ। শুনানি নিয়ে আদালত আদেশ দেন।
আইনজীবী আনিচ উল মাওয়া প্রথম আলোকে বলেন, আজ চারজনকে হাজির করা হয়। অপূর্ব দাসের বিষয়টি কাল আদেশের জন্য রাখা হয়েছে। তিনি নারী শিশু নির্যাতন দমন আইনের এক মামলায় ২০০৫ সালের ২২ জুলাই থেকে যশোর কেন্দ্রীয় কারাগারে আছেন। এ ছাড়া দুজনের মামলা তিন মাসের মধ্যে শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে। অন্য দুজনের মধ্যে সৈয়দ শেখ ইতিমধ্যে বিচারিক আদালত থেকে জামিন পেয়েছেন। আর মো. সুমনের মামলায় বিচারিক আদালতে রায় হয়েছে।