২ মার্চ প্রধানমন্ত্রী পদ্মা সেতুর অর্থায়নের বিষয় নিশ্চিত করবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান সরকারের মেয়াদে পদ্মা সেতুর মূল কাজ শুরু করা হবে। কখন, কীভাবে কোন কাজ করা হবে, কোথা থেকে অর্থ আসবে তা প্রধানমন্ত্রী ঘোষণা দেবেন। আগামী ২ মার্চ তিনি পদ্মা সেতুর নদীর তীর রক্ষা প্রকল্প উদ্বোধনে এসে বিষয়টি নিশ্চিত করবেন। যোগাযোগমন্ত্রী ওবায়দুল গতকাল শুক্রবার সকালে জাজিরা উপজেলার নাওডোবায় নদীর তীর রক্ষা কার্যক্রম পরিদর্শনে এসে এসব কথা বলেছেন। ওবায়দুল কাদের বলেন, ‘পদ্মার ঢেউয়ের মতো দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের মনে সেতুর জন্য ঢেউ সৃষ্টি হয়েছে। বিষয়টি আমরা উপলব্ধি করছি। সেতু নির্মাণ করতে সাড়ে চার-পাঁচ বছর সময় লাগবে। ধারাবাহিকভাবে কাজগুলো করা হবে।’ বিশ্বব্যাংকের পদ্মা সেতুতে যে পরিমাণ অর্থ দেওয়ার কথা ছিল তা যাতে বাংলাদেশের অন্য প্রকল্পে তারা বিনিয়োগ করে সে ব্যাপারে কথা বলার জন্য অর্থমন্ত্রী বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের জন্য যাবেন। এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ বি এম মোজাম্মেল হক, আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য এনামুল হক শামীম, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রব মুন্সি, সাধারণ সম্পাদক অনল কুমার দে, সেতু বিভাগের সচিব আনোয়ারুল ইসলাম প্রমুখ।