২ মে হরতাল ডেকেছে বাম মোর্চা ও সিপিবি-বাসদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারে ভবনধসের ঘটনায় দায়ী ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারসহ বিভিন্ন দাবিতে আগামী ২ মে দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) এবং গণতান্ত্রিক বাম মোর্চা। বামপন্থী এ দুটি জোট গতকাল শনিবার পৃথক সংবাদ সম্মেলন করে এ হরতালের ডাক দেয়। পুরানা পল্টনের মুক্তি ভবনে সিপিবি-বাসদের সংবাদ সম্মেলনে সাভারে শ্রমিক হত্যার জন্য দায়ী ভবনমালিক, পোশাক কারখানার মালিক ও সরকারি কর্মকর্তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়াসহ বিভিন্ন দাবিতে এ হরতালের ডাক দেওয়া হয়। সংবাদ সম্মেলনে সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ, দলের কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, বজলুর রশিদ ফিরোজ প্রমুখ উপস্থিত ছিলেন।গণতান্ত্রিক বাম মোর্চার সংবাদ সম্মেলন হয় তোপখানা রোডের অস্থায়ী কার্যালয়ে। সংবাদ সম্মেলন থেকে রানা প্লাজা, তাজরীন, স্পেকট্রামসহ এ পর্যন্ত ভবনধস ও অগ্নিকাণ্ডের জন্য দায়ী সব মালিক, ব্যবস্থাপক, ভবন পরিকল্পনাকারী ও অনুমোদনকারীর বিচার দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান বাম মোর্চার সমন্বয়ক মোশরেফা মিশু। উপস্থিত ছিলেন মোর্চার নেতা জোনায়েদ সাকি, মোশাররফ হোসেন, শ্যামল কান্দি দে, হামিদুল হক, আব্দুস সালাম, বহ্নিশিখা জামালী প্রমুখ।