২ শতাংশ শেয়ার ধারণের বাধ্যতা বাতিলের রায় স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো কোম্পানি বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে পরিচালকদের ন্যূনতম ২ শতাংশ উদ্যোক্তা শেয়ার ধারণের বাধ্যবাধকতা বাতিল করে দেওয়া হাইকোর্টের রায় স্থগিত করেছেন চেম্বার বিচারপতি।
হাইকোর্টের রায় স্থগিতাদেশ চেয়ে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) করা আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ আদেশ দেন। একই সঙ্গে বিষয়টি ২২ মে নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দিয়েছেন।
কোনো কোম্পানি বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে পরিচালকদের ন্যূনতম ২ শতাংশ উদ্যোক্তা শেয়ার ধারণ করার বাধ্যবাধকতা আরোপ করে বাংলাদেশ এসইসির জারি করা নির্দেশনা অবৈধ ঘোষণা করে গতকাল বুধবার রায় দেন হাইকোর্ট। বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
২০১১ সালের ২২ নভেম্বর বিএসইসির (তখন এসইসি) এক প্রজ্ঞাপনে পরিচালক হওয়ার জন্য কমপক্ষে ২ শতাংশ উদ্যোক্তা শেয়ার থাকার বাধ্যবাধকতা আরোপ করা হয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে এনসিসি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও উদ্যোক্তা পরিচালক মোস্তাফিজুর রহমান হাইকোর্টে রিট করেন। প্রাথমিক শুনানি নিয়ে ২০১২ সালের ১২ ডিসেম্বর হাইকোর্ট রুল দেন। রুলের চূড়ান্ত শুনানি শেষে গতকাল আদালত তা মঞ্জুর (অ্যাবসলুট) করে ওই রায় দেন।