২ শিশুসহ নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার জেলায় সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। গত মঙ্গলবার রাত থেকে গতকাল বুধবার সন্ধ্যা পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে গাজীপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও গোপালগঞ্জে।
এ নিয়ে গত ২৭ দিনে দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন কমপক্ষে ২৬৮ জন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশের বরাত দিয়ে প্রথম আলোর সংশ্লিষ্ট এলাকার অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবর:
গাজীপুর সিটি করপোরেশনের বোর্ডবাজার এলাকায় গতকাল ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাসের ধাক্কায় রিয়াজ সিকদার (২৫) নামের এক কলেজছাত্র নিহত হন। তিনি ময়মনসিংহের নান্দাইলের চরভেলামারি এলাকার হেলাল সিকদারের ছেলে। তিনি গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের ছাত্র ছিলেন।
গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুরের হালডোবা এলাকায় গতকাল সকালে ঢাকা-কাপাসিয়া সড়কে বাসচাপায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য সিদ্দিকুর রহমান (৬০) নিহত হন। তিনি স্থানীয় একটি কারখানায় চাকরি করতেন। রাতে দায়িত্ব পালন শেষে সকালে সাইকেলে বাড়ি ফেরার পথে একটি বাস তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ময়মনসিংহের ত্রিশালের বৈলরে গতকাল সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যাত্রীবাহী পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে অটোরিকশার যাত্রী আবদুল কাদির (৪০) নিহত হন। তাঁর বাড়ি সদর উপজেলার ভাবখালি গ্রামে।
কিশোরগঞ্জের করিমগঞ্জের জাফরাবাদ এলাকায় গতকাল দুপুরে রাস্তা পার হওয়ার সময় ট্রাক্টরচালিত লরির চাপায় মো. ফয়সাল মিয়া (৮) নামের এক স্কুলছাত্র নিহত হয়। সে জাফরাবাদের শ্রীরামপুর গ্রামের মো. রফিক মিয়ার ছেলে। সে স্থানীয় মাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল। পুলিশ চালকসহ ট্রাক্টরটি আটক করেছে।
গোপালগঞ্জের কাশিয়ানীর টুকু বাজার এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে গতকাল বিকেলে বাসচাপায় আয়শা খানম (৭) নামের এক শিশু নিহত হয়। রাতৈল গ্রামের হায়দার আলীর মেয়ে আয়শা চাপ্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। স্কুল থেকে ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় একটি বাস তাকে চাপা দেয়। এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী আধা ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। পুলিশ বাসটি জব্দ করলেও চালক পালিয়ে যান।