২ হাজার শিক্ষার্থীকে বৃত্তি দিল ডাচ্-বাংলা ব্যাংক

সামাজিক কল্যাণ কর্মসূচির অংশ হিসেবে ডাচ্-বাংলা ব্যাংক ২০১৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দিয়েছে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে স্নাতক পর্যায়ে অধ্যয়নরত ২ হাজার ১৫৩ জন মেধাবী ছাত্রছাত্রীকে এই বৃত্তি দেওয়া হয়।
গতকাল শনিবার ঢাকার মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের হাতে বৃত্তিপত্র তুলে দেওয়া হয়। এতে প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বিশেষ অতিথি আইনমন্ত্রী আনিসুল হক ও বাংলাদেশে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত বেনওয়া পিয়ের লাঘামে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাচ্-বাংলা ব্যাংকের চেয়ারম্যান সায়েম আহমেদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে এস তাবরেজ।
অর্থমন্ত্রী ডাচ্-বাংলা ব্যাংকের বৃত্তি প্রদান কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ব্যাংকের অন্যান্য সামাজিক ও কল্যাণমূলক কার্যক্রমের কথা উল্লেখ করেন। দেশের অন্যান্য করপোরেট প্রতিষ্ঠান সমাজের কল্যাণে এ ধরনের কর্মসূচি গ্রহণ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বিশেষ অতিথির বক্তৃতায় আইনমন্ত্রী বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের অভিনন্দন জানান এবং তাঁরা প্রকৃত শিক্ষায় আলোকিত হয়ে দেশ গঠনে নিজেদের উৎসর্গ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
ডাচ্-বাংলা ব্যাংকের চেয়ারম্যান বলেন, ডাচ্-বাংলা ব্যাংকের মোট বৃত্তির ৯০ ভাগ দেওয়া হয় দেশের প্রত্যন্ত অঞ্চলের ছাত্রছাত্রীদের মাঝে। এর মধ্যে ৫০ ভাগই দেওয়া হয় ছাত্রীদের। বিজ্ঞপ্তি।