২ হাজারের বেশি আনসার সদস্যের পুনর্বহাল প্রশ্নে আপিলের রায় ২ আগস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাইকোর্ট
ফাইল ছবি

প্রায় তিন দশক আগে আনসার বিদ্রোহের পর চাকরি হারানো দুই হাজারের বেশি সদস্যের মধ্যে যাঁদের বয়স ও শারীরিক সক্ষমতা রয়েছে, তাঁদের চাকরিতে পুনর্বহাল করা নিয়ে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে করা পৃথক আপিল ও লিভ টু আপিলের ওপর রায়ের জন্য ২ আগস্ট তারিখ নির্ধারণ  করেছেন আপিল বিভাগ।

শুনানি শেষে আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ রায়ের এ দিন ধার্য করেন। বেঞ্চের অপর দুই সদস্য হলেন, বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এম ইনায়েতুর রহিম।

চাকরি হারানো দুই হাজারের বেশি আনসার সদস্যের করা পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১৭ ও ২০১৮ সালে হাইকোর্ট তাঁদের চাকরিতে পুনর্বহালের নির্দেশনা দিয়ে রায় দেন। ওই রায়ের বিরুদ্ধে আনসার ভিডিপি মহাপরিচালক এবং রাষ্ট্রপক্ষ আপিল ও লিভ টু আপিল (আপিল অনুমতি চেয়ে আবেদন) করে।

আদালতে রিট আবেদনকারীদের পক্ষে আইনজীবী মোমতাজ উদ্দিন ফকির, মো. সালাহ উদ্দীন দোলন ও অনীক আর হক; অন্যদিকে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন এবং আনসার ভিডিপি মহাপরিচালকের পক্ষে আইনজীবী কামাল উল আলম ও কামরুল হক সিদ্দিকী শুনানি করেন।

পৃথক রিটে আবেদনকারীর সংখ্যা ২ হাজার ৩৩৬ জন বলে জানান জ্যেষ্ঠ আইনজীবী মো. সালাহ উদ্দীন দোলন। তিনি প্রথম আলোকে বলেন, ‘বিদ্রোহের অভিযোগ তাঁদের বিরুদ্ধে প্রমাণিত হয়নি। আবেদনকারীদের মধ্যে অনেকের বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়নি, কারও কারও বিরুদ্ধে হলেও অভিযোগ প্রমাণিত হয়নি। তবে একটি বাছাই কমিটি করে তাঁদের চাকরিচ্যুত করা হয়। রিট আবেদনকারীদের মধ্যে যাঁদের বয়স ও শারীরিক সক্ষমতা রয়েছে, তাঁদের চাকরিতে পুনর্বহাল করতে নির্দেশ দিয়ে হাইকোর্ট রায় দিয়েছিলেন। এ রায়ের বিরুদ্ধে আনসার ভিডিপি মহাপরিচালক ও রাষ্ট্রপক্ষ পৃথক আপিল ও লিভ টু আপিল করে। এসবের ওপর ২ আগস্ট রায় দেবেন আপিল বিভাগ।’

আইনজীবীদের তথ্যমতে, আনসারে ১৯৯৪ সালে বেতন–ভাতা বৃদ্ধি ও চাকরি স্থায়ীকরণের দাবিতে অসন্তোষ হয়। পরে তা বিদ্রোহে রূপ নেয়। ওই ঘটনায় ২ হাজার ৪৯৬ আনসারকে গ্রেপ্তার করা হয়। বিদ্রোহের ঘটনায় মামলায় পরে বিভিন্ন সময় তাঁরা খালাস পান। এরপর ২ হাজার ৬৯৬ কর্মকর্তা-কর্মচারীর মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশে কিছু কর্মকর্তা চাকরিতে পুনর্বহাল হন। তবে ২ হাজার ৪৯৬ জন আনসার সদস্যকে চাকরিচ্যুত করা হয়।

রিট আবেদনকারীদের মধ্যে সিপাহি, ল্যান্স নায়েক, নায়েক, হাবিলদার, অ্যাসিস্ট্যান্ট প্লাটুন কমান্ডার ও প্লাটুন কমান্ডার রয়েছেন।