২০ অধ্যক্ষসহ শিক্ষক নিয়োগের অনুমোদন চেয়ে মন্ত্রণালয়ে চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০ জন অধ্যক্ষসহ ৭৩৭ জন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের জন্য অনুমোদন চেয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন। ৪ সেপ্টেম্বর মন্ত্রণালয়ের সচিব বরাবর এ চিঠি দেন সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হোসেন। চিঠিতে বলা হয়েছে, সিটি করপোরেশন নগরে ৮৪টি শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা করে। শিক্ষকস্বল্পতার কারণে এসব প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম পরিচালনায় সমস্যা হচ্ছে।
৩ সেপ্টেম্বর প্রথম আলোয় চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত কলেজগুলো নিয়ে ‘২১টি কলেজের ২০টিতেই অধ্যক্ষ নেই, কমছে পাসের হার’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়।
করপোরেশনের শিক্ষা বিভাগ জানায়, সিটি করপোরেশন পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ২০ জন অধ্যক্ষ, ৭ জন উপাধ্যক্ষ, ১১৮ জন প্রভাষক, ২৩ জন প্রধান শিক্ষক, ৩২ জন সহকারী প্রধান শিক্ষক, ১৮৫ জন সহকারী শিক্ষক, ৬ জন গ্রন্থাগারিক, ৬০ জন সহকারী গ্রন্থাগারিক, ৪৭ জন অফিস সহকারী ও কম্পিউটার অপারেটর, ৫৫ জন দপ্তরি, ৫২ জন আয়া ও ১৩২ দারোয়ান প্রয়োজন। তাঁদের নিয়োগের বিষয়ে অনুমোদন দিতে মন্ত্রণালয়কে ওই চিঠি দেওয়া হয়।
সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হোসেন বলেন, সিটি করপোরেশন পরিচালিত ২০টি কলেজে অধ্যক্ষের পদ শূন্য রয়েছে। এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারীর স্বল্পতা আছে। এসব পদ পূরণ করার জন্য মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে।
সিটি করপোরেশনের পরিচালিত ২১টি কলেজে ১৭ হাজার ২৪২ জন শিক্ষার্থী রয়েছে। এসব কলেজে ২৩০ জন স্থায়ী ও ১০৫ জন অস্থায়ী শিক্ষক রয়েছেন। ৪৭টি মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়নরত ৩৭ হাজার ৭৬৩ শিক্ষার্থীর জন্য শিক্ষক রয়েছে ৮৯৩ জন। তাঁদের মধ্যে স্থায়ী শিক্ষক ৬৮৮ জন এবং অস্থায়ী শিক্ষক ২০৫ জন।