২০ আগস্ট জবাব দাখিলের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, তাঁর ভাই আরাফাত রহমান কোকোসহ ১১ জনের বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগে করা মামলায় ২০ আগস্ট জবাব দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকার অর্থঋণ আদালত-১-এর বিচারক মোহাম্মদ রবিউজ্জামান গতকাল মঙ্গলবার এ দিন ধার্য করেন। গতকাল এ মামলায় জবাব দাখিলের দিন ধার্য ছিল। মামলার বিবাদীদের একজন গিয়াসউদ্দিন আল মামুনের পক্ষে জবাব দাখিলের জন্য সময়ের আবেদন করেন আইনজীবী জাহিদুল ইসলাম। শুনানি শেষে আদালত দিন ধার্য করেন। মামলার অন্য বিবাদীরা হলেন ড্যান্ডি ডায়িং লিমিটেডের পরিচালক শামস এস্কান্দার, সাফিন এস্কান্দার, সুমাইয়া এস্কান্দার, গিয়াসউদ্দিন আল মামুনের স্ত্রী শাহীনা ইয়াসমিন, বেগম নাসরিন আহমেদ, কাজী গালিব আহমেদ, মিসেস শামসুন নাহার ও মাসুদ হাসান। গত বছরের ২ অক্টোবর ঢাকার প্রথম অর্থঋণ আদালতে সোনালী ব্যাংক ৪৫ কোটি ৫৯ লাখ ৩৭ হাজার ২৯৫ টাকা ঋণখেলাপির অভিযোগে এ মামলা করে।