২০ আগস্ট সারা দেশে অবস্থান কর্মসূচি জাতীয় কমিটির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রামপালে বিদ্যুৎ কেন্দ্র বাতিলের দাবিতে আগামী ২০ আগস্ট সারা দেশে অবস্থান কর্মসূচি পালন করবে তেল-গ্যাস, খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশে কমিটির সদস্যসচিব আনু মুহাম্মদ এ কর্মসূচি ঘোষণা করেন। 

আনু মুহাম্মদ বলেন, কেন্দ্রীয়ভাবে ওই দিন সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মসূচি পালন করা হবে। সেখানে গান, কবিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সুন্দরবন নিয়ে বৈজ্ঞানিক বিশ্লেষণ বিষয়ে আলোচনা হবে।
গত ২৮ জুলাই সুন্দরবন রক্ষার দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে রওনা হওয়ার সময় পুলিশি ‘হামলার’ প্রতিবাদে আজ শনিবার এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে আনু মুহাম্মদ বলেন, কোনো কোম্পানিতে যুক্ত বিশেষজ্ঞ ছাড়া আর একজন বিশেষজ্ঞও পাওয়া যাবে না, যারা বলবে রামপালে বিদ্যুৎ কেন্দ্র হলে সুন্দরবনের ক্ষতি হবে না।
আনু মোহাম্মদ বলেন, এই সরকার জনগণকে ভয় পায়। এ জন্য এভাবে আক্রমণ করেছে। এ ঘটনায় সরকারের নৈতিক পরাজয় হয়েছে। তরুণদের এ ধরনের কর্মসূচিতে আসতে বাধা দেওয়ার অভিযোগ করে তিনি বলেন, ‘আপনারাই (সরকার) জঙ্গি তৈরির কারখানা করছেন। যখন সৃজনশীলতার স্বাধীনতা না থাকে, তখনই উগ্রবাদের ক্ষেত্র তৈরি হয়।’ সুন্দরবন বিনাশী কোনো প্রকল্প হতে দেওয়া হবে না বলেও সরকারকে হুঁশিয়ার করেন তিনি।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্সের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন শিক্ষক এ এন রাশেদা, তানজীব উদ্দিন খান, আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া প্রমুখ।
সমাবেশ শেষে একটি মিছিল বের হয়ে প্রেসক্লাবের আশপাশের সড়ক প্রদক্ষিণ করে।