২০ এপ্রিল থেকে কর্মী ভিসা দেবে সৌদি আরব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশি কর্মীদের জন্য ২০ এপ্রিল থেকে ভিসা দেওয়া শুরু করবে সৌদি আরব। গত সোমবার দেশটির শ্রম মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে। খবর আরব নিউজের।
সৌদি আরবের আন্তর্জাতিকবিষয়ক শ্রম উপমন্ত্রী আহমেদ আল-ফাহাদ জানান, গত মাসে বাংলাদেশের সঙ্গে স্বাক্ষরিত গৃহকর্মী নিয়োগ চুক্তির আওতায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাদেশের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন ও সৌদি শ্রম উপমন্ত্রী আহমেদ আল-ফাহাদের মধ্যে ঢাকায় ওই চুক্তি সই হয়।
আল-ফাহাদ বলেন, ব্যাপকভিত্তিক এই চুক্তিতে নিয়োগকর্তা ও নিয়োগপ্রাপ্ত কর্মীর অধিকারের সুরক্ষা দেওয়া হয়েছে। যোগ্য হতে হলে বাংলাদেশি কর্মীদের অবশ্যই স্বাস্থ্যবান ও পেশাগত প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। তাঁদের বিরুদ্ধে কোনো ফৌজদারি অভিযোগ থাকা চলবে না এবং সৌদি আরবের ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশ এবং শ্রম আইন সম্পর্কে জানতে হবে।
সৌদি গেজেটের খবরে বলা হয়, বর্তমানে সে দেশে প্রায় ১২ লাখ (১ দশমিক ২ মিলিয়ন) বাংলাদেশি কর্মী রয়েছেন।