মানসম্পন্ন ওষুধ তৈরি করতে ব্যর্থ হওয়ায় ২০টি ওষুধ কোম্পানির নিবন্ধন বাতিলসহ মোট ৫৬টি ওষুধ কোম্পানির বিরুদ্ধে বিধিনিষেধ আরোপের সুপারিশ করেছে ওষুধশিল্প নিয়ে গঠিত বিশেষজ্ঞ কমিটি। গতকাল বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত স্বাস্থ্য মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় কমিটির সভায় বিশেষজ্ঞ কমিটির প্রতিবেদন উপস্থাপন করা হয়।
এর মধ্যে ১৪টি কোম্পানি অ্যান্টিবায়োটিক উৎপাদন করতে পারবে না এবং ২২টি কোম্পানি শুধু নন-পেনিসিলিন অ্যান্টিবায়োটিক তৈরি করতে পারবে এমন সুপারিশ করেছে কমিটি। এ ছাড়া অনুমোদনহীন বা নকল ওষুধ যেসব প্রতিষ্ঠানে (ওষুধের দোকান বা হাসপাতাল) পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে সংসদীয় স্থায়ী কমিটি।
মানসম্পন্ন ওষুধ তৈরি করতে ব্যর্থ হওয়ায় এক্সিম ফার্মা, অ্যাভার্ট ফার্মা, বিকল্প ফার্মা, ডলফিন ফার্মা, ড্রাগল্যান্ড, গ্লোব ল্যাবরেটরিজ, জালফা ল্যাবরেটরিজ, কাফমা ফার্মা, মেডিকো ফার্মা, ন্যাশনাল ড্রাগ ফার্মা, নর্থ বেঙ্গল ফার্মা, রেমো কেমিক্যালস, রিড ফার্মা, স্কাইল্যাব ফার্মা, স্পার্ক ফার্মা, স্টার ফার্মা, সুনিপুণ ফার্মা, টুডে ফার্মা, ট্রপিক্যাল ফার্মা ও ইউনিভার্সাল ফার্মা—এই ২০টি কোম্পানির নিবন্ধন বাতিল করার সুপারিশ করেছে কমিটি।
স্থায়ী কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির সভাপতি নাজমুল হাসান, স্বাস্থ্যসচিব সৈয়দ মনজুরুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক দীন মো. নুরুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঔষধ প্রযুক্তি বিভাগের অধ্যাপক আ ব ম ফারুক বিভিন্ন ঔষধ কারখানা পরিদর্শন প্রতিবেদন ও করণীয় প্রতিবেদন উপস্থাপন করেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট সরকার ক্ষমতায় আসার পর ২০০৯ সালে স্বাস্থ্য মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি ওষুধশিল্পের পরিস্থিতি জানতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওষুধবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ব ম ফারুককে প্রধান করে পাঁচ সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুজন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক এই কমিটির সদস্য।
নাম প্রকাশ না করার শর্তে বিশেষজ্ঞ কমিটির একজন সদস্য গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, বিশেষজ্ঞ কমিটি মোট ২৪২টি ওষুধ কোম্পানি পরিদর্শন করেছে। ২০১১ সালে কমিটি প্রথম প্রতিবেদন দেয়। সেই প্রতিবেদনের ভিত্তিতে বেশ কিছু কোম্পানিকে সতর্ক করা হয়। পরিস্থিতি পর্যালোচনা করে ২০১৩ সালে আরও একটি প্রতিবেদন দেওয়া হয়। এই পর্যায়ে মানসম্পন্ন ওষুধ তৈরিতে ব্যর্থ এমন ৮৪টি প্রতিষ্ঠান চিহ্নিত করা হয়। সর্বশেষ পরিস্থিতি দেখে কমিটি এ বছরের ১ ফেব্রুয়ারি সংসদীয় কমিটিকে রিপোর্ট দেয়। এই ওষুধ বিশেষজ্ঞ বলেন, ‘ওষুধ তৈরির কারখানা পরিদর্শনের সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার জিএমপি (গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস) নীতিমালাকে মানদণ্ড ধরা হয়েছিল।’
বিশেষজ্ঞ কমিটির সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, গত পাঁচ-ছয় বছরে কিছু কোম্পানি কারখানার সন্তোষজনক উন্নতি ঘটিয়েছে। কারও উন্নতি মাঝারি গোছের। অনেকে উন্নতি করার নামে শুধু সময়ক্ষেপণ করেছে। কারও কারও কারখানায় কোনো উন্নয়নই হয়নি, বরং আগের চাইতে মানের অবনতি ঘটেছে। বিশেষজ্ঞ কমিটির ওই সদস্য বলেন, ‘এদের ওষুধ তৈরি করতে দেওয়া জনস্বাস্থ্যের জন্য হুমকি।’
২০টি কোম্পানির ওষুধ উৎপাদনের নিবন্ধন বাতিল করার সুপারিশ করে বিশেষজ্ঞ কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, উপর্যুপরি পরিদর্শনের পরও কোম্পানিগুলো জিএমপি নীতিমালা মেনে মানসম্পন্ন ওষুধ তৈরি করতে চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে।
বৈঠকে উপস্থিত একাধিক ব্যক্তি প্রথম আলোকে জানিয়েছেন, বিশেষজ্ঞ কমিটির সুপারিশ প্রায় পুরোটাই গ্রহণ করবে সংসদীয় কমিটি। বিশেষজ্ঞ কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, ১৪টি কোম্পানি মানসম্পন্ন অ্যান্টিবায়োটিক উৎপাদনে সক্ষম নয়। প্রতিবেদনে আদ দীন ফার্মা, আলকাদ ল্যাবরেটরিস, বেলসেন ফার্মা, বেঙ্গল ড্রাগস অ্যান্ড কেমিক্যালস, ব্রিস্টল ফার্মা, ক্রিস্টাল ফার্মা, ইন্দো-বাংলা ফার্মা, মিল্লাত ফার্মা, এমএসটি ফার্মা, অরবিট ফার্মা, ফারমিক ল্যাবরেটরিজ, ফিনিক্স কেমিক্যাল ল্যাব, রাসা ফার্মা ও সেভ ফার্মা—এই ১৪টি ওষুধ কোম্পানির সব ধরনের অ্যান্টিবায়োটিক উৎপাদন করার অনুমতি বাতিলের সুপারিশ করা হয়েছে।
বিশেষজ্ঞ কমিটি ওষুধ কারখানা পরিদর্শনের সময় দেখেছে, ২২টি কোম্পানি জিএমপি নীতিমালা অনুযায়ী নন-পেনিসিলিন জাতীয় অ্যান্টিবায়োটিক উৎপাদনে সক্ষম। তবে তারা মানসম্পন্ন পেনিসিলিন ও সেফালোস্পোরিন গ্রুপের অ্যান্টিবায়োটিক উৎপাদনে সক্ষম নয়। বিশেষজ্ঞ কমিটি এমিকো ফার্মা, অ্যাজটেক ফার্মা, বেঙ্গল টেকনো ফার্মা, বেনহাম ফার্মা, সেন্ট্রাল ফার্মা, ডিসেন্ট ফার্মা, ড. টিআইএমস ল্যাবরেটরি, গ্লোবেক্স ফার্মা, গ্রিনল্যান্ড ফার্মা, ইনোভা ফার্মা, মাকস ড্রাগ, মেডিমেট ল্যাবরেটরি, মডার্ন ফার্মা, মিসটিক ফার্মা, ন্যাশনাল ল্যাবরেটরি, অর্গানিক হেলথ কেয়ার, ওয়েস্টার ফার্মা, প্রিমিয়ার ফার্মা, প্রাইম ফার্মা, সীমা ফার্মা, ইউনাইটেড কেমিক্যালস ও হোয়াইট হর্স ফার্মা—এই ২২টি ওষুধ কোম্পানির পেনিসিলিন ও সেফালোস্পোরিন গ্রুপের অ্যান্টিবায়োটিক উৎপাদনের অনুমতি বাতিল করার সুপারিশ করেছে।