২০ ওষুধ কোম্পানির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত মন্ত্রণালয়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সুপারিশ অনুযায়ী, ওষুধ প্রস্তুতকারী ২০টি কোম্পানির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এই সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের পদক্ষেপ নিতে ঔষধ প্রশাসন অধিদপ্তরকে নির্দেশ দিয়েছেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বৃহস্পতিবার সচিবালয়ে ঔষধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় স্বাস্থ্যমন্ত্রী এই নির্দেশ দেন। সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্য-মন্ত্রী। স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্যসচিব সৈয়দ মনজুরুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক দীন মোহাম্মদ নূরুল হক, ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মোস্তাফিজুর রহমানসহ মন্ত্রণালয় ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত বুধবার সংসদীয় কমিটির বৈঠকে ওষুধ শিল্প নিয়ে গঠিত বিশেষজ্ঞ কমিটির উপস্থাপিত প্রতিবেদনে মানসম্পন্ন ওষুধ তৈরি করতে ব্যর্থ হওয়ায় ২০টি ওষুধ কোম্পানির লাইসেন্স বাতিল করার সুপারিশ করা হয়।