কুমিল্লা জেলায় আওয়ামী লীগের ২০টি কমিটির ১৮টিই মেয়াদোত্তীর্ণ। এই অবস্থায় যোগ্য নেতৃত্বের অভাবে তৃণমূলে নেতা-কর্মীদের মধ্যে হতাশা ও কোন্দল দেখা দিয়েছে। কোথাও কোথাও দলের কার্যক্রম ক্রমশ স্থবির হয়ে পড়ছে।
কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন মাহমুদ বলেন, দীর্ঘদিন কমিটি না হওয়ায় তরুণেরা দলে পদ পাচ্ছেন না। ফলে নতুন নেতৃত্ব সৃষ্টি হচ্ছে না। এতে দলই ক্ষতিগ্রস্ত হচ্ছে।
দলের কয়েকজন নেতা-কর্মীরা জানান, কুমিল্লায় উত্তর ও দক্ষিণ দুটি সাংগঠনিক জেলা কমিটি রয়েছে। এর মধ্যে দক্ষিণ জেলার অধীনে নয়টি উপজেলা কমিটি ও দুটি শহর কমিটি এবং উত্তর জেলার অধীনে সাতটি উপজেলা কমিটি রয়েছে। বর্তমানে দক্ষিণের ১২টি কমিটির সব কটিই মেয়াদোত্তীর্ণ। আর উত্তরের আটটি কমিটির মধ্যে চান্দিনা ও মেঘনা উপজেলা কমিটি বাদে অন্যগুলোর মেয়াদ শেষ হয়ে গেছে।
অন্যদিকে ২০১১ সালের ১০ জুলাই কুমিল্লা সিটি করপোরেশনে উন্নীত হলেও এখন পর্যন্ত কুমিল্লা মহানগর কমিটি হয়নি।
দলীয় সূত্রে জানা গেছে, ২০০৬ সালের ১২ মে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তিন বছরের জন্য ৫৪ সদস্যবিশিষ্ট কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির অনুমোদন দেন। পরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ২০০৯ সালের জানুয়ারি মাসে আফজল খানকে যুগ্ম আহ্বায়ক পদ দেওয়া হয়।
খোঁজ নিয়ে জানা যায়, ২০০৩ সালে কুমিল্লা শহর, আদর্শ সদর উপজেলা ও সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের কমিটি হয়। ২০০৪ সালের ১৫ জানুয়ারি আবদুল হাকিমকে সভাপতি করে ৬৭ সদস্যবিশিষ্ট বরুড়া উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়। পরে ২০১০ সালের ১৭ অক্টোবর কুমিল্লা-৮ (বরুড়া ও সদর দক্ষিণের একাংশ) আসনের সাংসদ নাছিমুল আলম চৌধুরী নিজে আহ্বায়ক হয়ে ২৩ সদস্যের পাল্টা আহ্বায়ক কমিটি গঠন করেন।
১৯৯১ সালে লাকসাম পৌর শহর ও ২০০২ সালে লাকসাম উপজেলা এবং ২০০৫ সালে মনোহরগঞ্জ উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এসব স্থানে পূর্ণাঙ্গ কমিটি নেই। তা ছাড়া ২০০৩ সালে চৌদ্দগ্রাম, বুড়িচং ও ব্রাহ্মণপাড়া এবং ২০০৯ সালে নাঙ্গলকোট উপজেলা কমিটি হয়।
এ ব্যাপারে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সফিকুল ইসলাম শিকদার বলেন, সাত বছর আগে দক্ষিণ জেলার আহ্বায়ক কমিটি হয়েছে। কেন্দ্র থেকে উদ্যোগ নেওয়া হলে নতুন কমিটি গঠন করা হবে।
এদিকে ১৯৯৭ সালে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এতে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সাংসদ আলী আশরাফ সভাপতি এবং জাহাঙ্গীর আলম সরকার সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০০০ সালে আলী আশরাফ সভাপতির পদ ছেড়ে দেন। সেখানে জ্যেষ্ঠ সহসভাপতি আবদুল আউয়াল সরকার ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন। জানা যায়, ১৯৯৬ সালে দেবীদ্বার, ১৯৯৭ সালে মুরাদনগর ও দাউদকান্দি, ২০০৫ সালে হোমনা এবং ২০১২ সালে চান্দিনা, তিতাস ও মেঘনা উপজেলা কমিটি গঠন করা হয়। এর মধ্যে তিতাসের আহ্বায়ক কমিটির মেয়াদ গত ডিসেম্বর মাসে শেষ হয়ে গেছে।
কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার বলেন, দলকে চাঙা রাখতে কুমিল্লা উত্তর জেলার আওতাধীন সাতটি উপজেলা কমিটি নিয়মিত কাজ করে যাচ্ছে।