২০ কিমি সড়কের দুই পাশে মাটি নেই, ঘটছে দুর্ঘটনা
লক্ষ্মীপুর-রায়পুর আঞ্চলিক মহাসড়কের ২০ কিলোমিটার রাস্তার দুই পাশে কোনো মাটি নেই। এতে সড়কের অনেক স্থানে কার্পেটিং ভেঙে পড়ছে। কার্পেটিং উঠে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে রাস্তার অনেক স্থানে। গত এক বছরে এ সড়কে অর্ধশতাধিক দুর্ঘটনা ঘটেছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। গত শনিবার রায়পুর উপজেলার বোর্ডার বাজার থেকে লক্ষ্মীপুর পৌর শহরে বাসটার্মিনাল পর্যন্ত এলাকা ঘুরে দেখা গেছে, সড়কটির বেশির ভাগ অংশে দুই পাশে মাটি নেই। এ কারণে সড়কের পাশ দিয়ে পথচারীরা হাঁটতে পারে না। ওই সড়কের অনেক স্থানে স্থানীয় লোকজন দুর্ঘটনা এড়াতে পাশে লাঠি পুঁতে লাল কাপড় ঝুলিয়ে দিয়েছে। রাখালিয়া গ্রামের বাসিন্দা সৈয়দ আহাম্মদ জানান, দুই মাস আগে তাঁদের এলাকার সড়কে একটি যাত্রবাহী লোকাল বাস একটি চেয়ার কোচকে সাইড দিতে গিয়ে সড়কের পাশে পড়ে যায়। এতে ১০ জন যাত্রী আহত হয়। ঘটনাস্থলেই মারা যায় ফিরোজ নামের এক ব্যক্তি। সড়ক ও জনপদ (সওজ) বিভাগের লক্ষ্মীপুর কার্যালয় সূত্রে জানা গেছে, গত চারদলীয় জোট সরকারের শেষ সময়ে দুই কোটি টাকা ব্যয়ে সড়কটি সংস্কার করা হয়েছিল। সড়কটির প্রস্থ ১৮ ফুট। বর্তমানে সড়কটির অধিকাংশ অংশেই দুই পাশে (সোল্ডার) মাটি না থাকায় ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। উপজেলার কেরোয়া গ্রামের স্কুলছাত্র হেলাল উদ্দিন গত মার্চ মাসে বাইসাইকেল নিয়ে এলএম উচ্চবিদ্যালয়ে আসার পথে রাস্তার নিচে পড়ে যায়। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে পঙ্গু হাসপাতালে চিকি ৎ সা নিতে হয়েছে। তার বাবা রফিকুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারের উদাসীনতার কারণে দীর্ঘদিনেও রাস্তার দুই পাশে মাটি ফেলা হচ্ছে না। এতে অহরহ দুর্ঘটনা ঘটছে।যোগাযোগ করা হলে সড়ক ও জনপদ বিভাগের (সওজ) লক্ষ্মীপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী এ কে এম আজাদ প্রথম আলোকে বলেন, রায়পুর-লক্ষ্মীপুর সড়কটি এখন খুবই ব্যস্ততম সড়ক। সড়কের দুই পাশে মাটি না থাকায় এটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে সত্য। প্রকল্পের মাধ্যমে সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। বরাদ্দ পেলে শুকনো মৌসুমে সড়কের দুই পাশে মাটি ফেলা হবে।